আমি বোবা হয়ে যাই;
আজন্ম কালের যে অভিশ্রুতি
দীর্ঘ রজনীর সুখ সহা প্রকাণ্ড নিশুতি,
স্বপ্নের আবডালে বাবুই পাখির সুনিপুণ নীড়ের মতো সুখের বসতি,
এলোমেলো হয়ে যায় জীবাণু মিশ্রিত বদ হাওয়ায়।
আমি অন্ধ হয়ে যাই;
অবশেষ পথ পরিক্রমায় সূর্য ডোবার পূর্ব- লগ্নে
নিতিয়ে পড়া কাঁটা বৃক্ষের অবরোধে।
ভাষা হারিয়ে যাওয়া কণ্ঠে নির্বাক ময়ূরের মতো
শুনে যায় কেবল বসন্ত বাতাসে কাকের কর্কশ ধ্বনি
আর আমি অন্ধ হয়ে যাই।
লোভাতুর শৃগালেরা পায়তারা করে রাতদিন
আমার আঙিনার চারপাশে বেমালুম চষে খায়,
পোষা ছাগল, হাস,মুরগি, কত কী,
সহসা তেড়ে আসে আমার ঘরের মাঝে আমাকে !
এখানে এখন লু-হাওয়ায় অগ্নি গ্রাস
অ্যানাকোন্ডার নাসিকায়- সবুজ অরণ্যে।