ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনকে কেন্দ্র করে রাজধানীর জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ। নিরাপত্তার স্বার্থে নির্ধারিত এলাকায় অস্ত্র বহন, মিছিল, সমাবেশ, শোভাযাত্রা ও বিক্ষোভ কর্মসূচির ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী রোববার (৭ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে। অধিবেশন চলাকালে সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে শনিবার (৬ জুন) রাত ১২টা থেকে বিশেষ বিধিনিষেধ কার্যকর হবে।
নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত এলাকায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, দাহ্য বা ক্ষতিকর বস্তু বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে সভা, সমাবেশ, মিছিল, বিক্ষোভ ও শোভাযাত্রার মতো জনসমাগমমূলক কর্মসূচিও বন্ধ থাকবে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকার মধ্যে রয়েছে মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর সড়ক হয়ে বাংলামোটর, পান্থপথ-ফার্মগেট এলাকা, শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬, বিজয় সরণি, মানিক মিয়া অ্যাভিনিউ, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং সংশ্লিষ্ট সব সড়ক ও গলিপথ।
পুলিশ জানিয়েছে, সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে। আইনশৃঙ্খলা রক্ষা, যান চলাচল স্বাভাবিক রাখা এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কার্যক্রম নির্বিঘ্নভাবে সম্পন্ন করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
কী-ওয়ার্ড: সংসদ,নিরাপত্তা,নিষেধাজ্ঞা