জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরুর প্রাক্কালে সরকারদলীয় সংসদ সদস্যদের নিয়ে গুরুত্বপূর্ণ সংসদীয় সভা করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সভায় সমসাময়িক বিভিন্ন জাতীয় বিষয়, সংসদীয় কার্যক্রম এবং সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে।
শনিবার (৬ জুন) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে সভা শুরু হয়ে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত চলে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সভা পরিচালনা করেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শুরুতে স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সভায় সরকারদলীয় মন্ত্রী ও সংসদ সদস্যরা অংশ নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত তুলে ধরেন। আসন্ন সংসদ অধিবেশন, উন্নয়ন কার্যক্রম, জনসম্পৃক্ত বিষয় এবং আইন প্রণয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দীর্ঘ আলোচনার পর প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান সমাপনী বক্তব্য দেন। এ সময় তিনি সংসদ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে আরও কার্যকরভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
আগামীকাল শুরু হতে যাওয়া জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনকে সামনে রেখে অনুষ্ঠিত এই বৈঠককে রাজনৈতিক ও সংসদীয় অঙ্গনে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
কী-ওয়ার্ড:তারেক রহমান,সংসদীয় সভা,বাজেট অধিবেশন