মঙ্গলবার, জুন ৯, ২০২৬

পুশইন ইস্যুতে ভারতের প্রতি কড়া বার্তা বাংলাদেশের,পাঠানো হয়েছে একাধিক কূটনৈতিক চিঠি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৬-০৮ ১৭:৪০:০৭
ফাইল ছবি

সীমান্তে নিয়মবহির্ভূতভাবে মানুষ ঠেলে পাঠানোর ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট বার্তা দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, এ ধরনের কার্যক্রম বন্ধে ইতোমধ্যে ভারত সরকারের কাছে ১২ থেকে ১৩টি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রক্রিয়া অনুসরণ না করে কাউকে সীমান্ত দিয়ে প্রবেশ করানোর চেষ্টা মেনে নেওয়া যায় না। এ ধরনের ঘটনার বিরুদ্ধে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী দৃঢ় অবস্থান নিয়েছে।
প্রতিমন্ত্রী জানান, কোনো ব্যক্তি অবৈধভাবে অন্য দেশে অবস্থান করলে তাকে ফেরত পাঠানোর নির্ধারিত কূটনৈতিক ও প্রশাসনিক পদ্ধতি রয়েছে। সেই নিয়ম মেনেই ভারতকে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় একতরফা পুশইনের ঘটনা দুই দেশের সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে।
সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী এলাকায় নারী, শিশু ও বিভিন্ন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেওয়ার অভিযোগ ওঠার পর পরিস্থিতি মোকাবিলায় সীমান্তজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশের ২৬টি সীমান্ত জেলায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। পালাক্রমে দিন-রাত টহল ও নজরদারি চালানো হচ্ছে। সীমান্তবর্তী এলাকার স্থানীয় জনগণও এ কাজে সহযোগিতা করছেন।
এদিকে পুশইনসহ সীমান্তসংক্রান্ত নানা ইস্যু নিয়ে সোমবার থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের ৫৭তম মহাপরিচালক পর্যায়ের বৈঠক। এই সম্মেলন চলবে ১১ জুন পর্যন্ত।
বিজিবি সূত্র জানিয়েছে, বৈঠকে সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনা, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন, চোরাচালান প্রতিরোধ এবং সামগ্রিক সীমান্ত ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বসহকারে আলোচনা হবে।
বাংলাদেশ আশা করছে, চলমান আলোচনার মাধ্যমে সীমান্তে উদ্ভূত সমস্যাগুলোর কার্যকর সমাধান এবং পারস্পরিক আস্থা বৃদ্ধির পথ আরও সুগম হবে।

কী-ওয়ার্ডস: পুশইন,সীমান্ত নিরাপত্তা,বাংলাদেশ-ভারত

 


এ জাতীয় আরো খবর