বুধবার, জুন ৩, ২০২৬

ডিএনডির জলাবদ্ধতা নিরসনে নতুন উদ্যোগ,প্রধানমন্ত্রীর বৈঠকে গুরুত্ব পেল ড্রেনেজ উন্নয়ন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৬-০৩ ২১:৪২:৪৭
ছবি: সংগৃহীত।

ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে নতুন উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে বুধবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডিএনডি অঞ্চলের জলাবদ্ধতার বর্তমান পরিস্থিতি, পূর্ববর্তী প্রকল্পের কার্যকারিতা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে সংশ্লিষ্টরা মতবিনিময় করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌল্লা জানান, জলাবদ্ধতা থেকে এলাকাবাসীকে স্থায়ীভাবে মুক্তি দেওয়ার লক্ষ্যে বিভিন্ন বাস্তবসম্মত পদক্ষেপ পর্যালোচনা করা হয়েছে।
বৈঠক শেষে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ২০১৬ সালে ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসনে যে প্রকল্প গ্রহণ করা হয়েছিল, তা ২০২৪ সালে শেষ হলেও সাধারণ মানুষ এখনো প্রত্যাশিত সুফল পায়নি। ফলে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে নতুন পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
তিনি জানান, পানিসম্পদ মন্ত্রণালয়ের বাস্তবায়িত প্রকল্পটি আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হবে, যাতে স্থানীয় পর্যায়ে আরও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা যায়।
মন্ত্রী আরও বলেন, পুরো এলাকায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে প্রায় ৩০ কিলোমিটার নতুন নালা ও পানি নিষ্কাশন অবকাঠামো গড়ে তোলার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনা হয়েছে। এ বিষয়ে ইতিবাচক দিকনির্দেশনাও পাওয়া গেছে।
তার আশা, সিটি করপোরেশন, সংশ্লিষ্ট দপ্তর এবং স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টায় এবার ডিএনডি এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার দৃশ্যমান সমাধান মিলবে।
বৈঠকে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কী-ওয়ার্ডস: ডিএনডি,জলাবদ্ধতা,ড্রেনেজ

 


এ জাতীয় আরো খবর