শুক্রবার, মে ১, ২০২৬

মা হা বু বা লা কি

  • রয়ে গেলো আক্ষেপ
  • ২০২৩-০৯-১৩ ১০:০৪:০০

অরক্ষিত বাসনা আমায় কখনো- সখনো 
বিচ্ছিন্ন করে কবিতার পঙক্তি থেকে,
তখন আলগা ছাদে বিস্তৃত জোছনায় ভিজে- ভিজে
দেউলিয়া রাত্রির কোলে একফালি সুখ খুঁজি।

যখন নিরুপায় সময় একেবারে হাত-পা বেঁধে ফেলে
আঁধার কিম্বা জোছনায় তখন কি আসে যায়?
তবুও অন্ধকারে নিজেকে একান্ত করে চিনতে
আর জোছনার চিরায়ত পৃথিবীর স্বভাবকে জানতে,
স্তর বিন্যাস ঠিক রেখে মাতাল সঙরাগে নুইয়ে পড়ি।

হিসেবটা হাসিমুখে করতে গিয়ে খাতা-কলম নেই
দেখি বারবার বিপরীত ফলাফলে ভরপুর, 
 আমি আর পৃথিবী একেবারেই আলাদা।
এখানে যে যার মতো,একজনও কেউ কারো মতো নয়
শুধু স্বার্থের বেলায় লুকানো অভিনয়ে
এক ঘাটে কিছুক্ষণ দেখাদেখি শরীর ভেজায় মাত্র।

দিন শেষে পড়ন্ত সময় অনেকেই আমলে নেয় না
কখন ফুরালো সময়,বেলায়-অবেলায়;
কী ভাবেই বা চলছে ভাঙা গড়ার মাতলামি।
 
বালুকাবেলায় উড়ে-উড়ে --দূরে--বহুদূরে
 প্রজাপতি খেলায় হারালো বেলা---
তবু কোন সোনালী উত্থান এখনো হয়নি দেখা।
শুধু প্রান্তের সংলাপ রচনায় রয়ে গেলো
জীবনের এক রক্তাক্ত করূণ আক্ষেপ। 
 


এ জাতীয় আরো খবর