কুয়াশার ওপারে সে দাঁড়ায় একা
স্তব্ধ হয়ে যায় সময়ের চলন্ত নদী
ভেজা চোখে বুনে চলে
এক মেঘলা আকাশের জ্যামিতি।
তাকে ছুঁয়ে নেমে আসে
শ্রাবণের সব কালো মেঘ
তার আঙুলের ইশারায় জেগে ওঠে
ডুবো পাহাড়ের সুপ্ত আবেগ।
হাঁটুর ভাঁজে লুকিয়ে রাখে
হারানো কোনো দ্বীপের নকশা
বুকের গভীরে তার
অন্ধকারও খুঁজে পায় বেঁচে থাকার ভরসা।
পায়ের নিচে পিষ্ট হয় কতো
চেনা বসন্তের গান
শীতের কুয়াশায় ঢেকে রাখে তার
একলা থাকার অভিমান।
সে হাসলে ঝরে পড়ে শুকনো পাতার মর্মরে
তার প্রতিটি ফেলে আসা দীর্ঘশ্বাস
ভেঙে চুরে গড়ে এক প্রাচীন বেদনার ইতিহাস।।