শনিবার, অক্টোবর ৩, ২০২৬

হাসান নওয়াজের ৯৬-ও কাজে এল না,পাকিস্তানকে হারিয়ে ভারতের সোনা

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-১০-০৩ ১৪:০৯:৪৩
ছবি: সংগৃহীত।

অভিষেক শর্মা ও তিলক বর্মার ঝড়ো ব্যাটিংয়ে ২১১ রানের বড় সংগ্রহ গড়েছিল ভারত। জবাবে হাসান নওয়াজের দুর্দান্ত ৯৬ রানের ইনিংস পাকিস্তানকে লড়াইয়ে ফেরালেও শেষ পর্যন্ত ১৯ রানে জিতেছে ভারত। এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে টানা দ্বিতীয়বারের মতো সোনার পদক ধরে রাখল তারা।
শনিবার জাপানের নিশিনে ফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে ভারত। অভিষেক শর্মা ২৮ বলে ৬১ রান করেন। তার ইনিংসে ছিল ৩টি চার ও ৭টি ছক্কা। বৈভব সূর্যবংশী ১৫ এবং সঞ্জু স্যামসন ২ রান করে ফিরলেও অভিষেকের ব্যাটে রানের গতি কমেনি।
মাঝের দিকে পাকিস্তানি বোলাররা কিছুটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। শ্রেয়াস আইয়ার ২১ ও ইশান কিষান ২০ রান করেন। শেষ দিকে তিলক বর্মা ও শিবম দুবের ব্যাটে আবারও গতি বাড়ে ভারতের ইনিংসে। দুবে ১৫ বলে ২৭ রান করে ফিরলেও তিলক ২২ বলে অপরাজিত ৫১ রান করেন। তার ইনিংসে ছিল ৩টি চার ও ৪টি ছক্কা।
২০ ওভারে ৬ উইকেটে ২১১ রান সংগ্রহ করে ভারত। এটি এবারের এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
জবাবে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। ৬.১ ওভারে ৩৯ রানে ৩ উইকেট হারায় তারা। এরপর সাইম আইয়ুব ও হাসান নওয়াজ ৪৮ বলে ৮৭ রানের জুটি গড়ে ম্যাচে ফেরার চেষ্টা করেন। সাইম ২২ বলে ২৯ রান করে ফিরলে আবারও চাপে পড়ে পাকিস্তান।
তবে একপ্রান্ত আগলে শেষ পর্যন্ত লড়ে যান হাসান নওয়াজ। ৫১ বলে ৯৬ রানের ইনিংসে ৫টি চার ও ৭টি ছক্কা হাঁকান তিনি। ম্যাচের শেষ বলে আউট হন এই ডানহাতি ব্যাটার। তার অসাধারণ ইনিংস সত্ত্বেও পাকিস্তানের ইনিংস থামে ২০ ওভারে ৬ উইকেটে ১৯২ রানে।
ফলে ১৯ রানের জয় নিয়ে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে নিজেদের সোনার পদক ধরে রাখে ভারত। পাকিস্তানকে এবার রুপার পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

ভারত-পাকিস্তান, এশিয়ান গেমস, হাসান নওয়াজ


এ জাতীয় আরো খবর