শনিবার, অক্টোবর ৩, ২০২৬

না জ মা বে গ ম না জু

  • আকাশী অন্ধত্বের অন্ধকার
  • ২০২৬-১০-০২ ২২:৪৭:২৪

জামরুল গন্ধের আকাশ ঘিরে
কমলা রঙের রোদ,
রোদের গোগ্রাসী ছায়ার মায়া
কখনো যায়না আকাশ ছেড়ে ,
আকাশী অন্ধত্বের অন্ধকার হয়ত নেমেছে বাংলাদেশের বুনোগায়ে,
লালঝুটি মোরগের চালায়,
গৃহস্হালি গোয়ালঘরে
শষ্যরঙা আলপথে,কাশফুল হয়ে নেমে আসা মেঘবালিকার ধবল পাখায়,
এখানে এখন লন্ডন লুটনের মেঘগন্ধা রোদে আশ্বিনী অন্ধকারের ডাহুক
মায়াময় লোকালয়ের স্পর্ধা
খুঁজে পাবে কি আর? কার কাছে অক্ষরমালা পৌঁছাতে নাম লিখাবে বাংলাদেশের, 
কথা আছে আরো অনেক - কোন বাঁকা পথ নদীর কাছে বলবে এ কথা, 
কি করে বলবে --কোন বুকের অতল নীড়ে বসে ধুলোর গন্ধে ভরাবে নিশ্বাস, 
ধুলোওড়া বাংলাদেের নাম? লুটন অক্সফোর্ড স্কটল্যান্ড - যত কাছে -
যার কাছে যাই, যেতে যেতে ক্ষয়ে ক্ষয়ে যাই অক্ষয় চাঁদের মত ,
ব্রিটিশ জলধিও উপচালো জলস্রোতে ভাসে
কান পেতে রই- ঝুম বৃষ্টিতে ভেজা ব্যঙের ডাক শুনব বলে --;
তোমরা আমার মাতৃভূমি নও, মাতৃভূমির মত নও
আমার মাতৃভূমির ধারে কাছেও নও--।
চেস্টার ম্যানচেস্টার ওয়েলস এডিনবরা --
তোমাদের শরীর ঘেঁষে রোদগন্ধা
ধুলোর আকাশ নেই,
মনপোড়া বোশেখ দহিত বাতাস নেই
বাঁশমতি সন্ধ্যা মাতানো গল্পের আসর নেই,
শীতের কাঁথার মত শেয়ালের ডাক নেই--
তোমরা কেউ বাংলাদেশের মত নও,
জেনে রেখো
হতেও পারবে না কোনদিন।

লন্ডন,লুটন 


এ জাতীয় আরো খবর