শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

কলকাতা ঘিরে হুমকি-পাল্টা হুঁশিয়ারি,নতুন করে উত্তপ্ত ভারত-পাকিস্তান সম্পর্ক

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৪-০৫ ১৬:০৭:৩১

দক্ষিণ এশিয়ায় আবারও উত্তেজনার পারদ চড়ছে ভারত ও পাকিস্তান এর মধ্যে। সাম্প্রতিক সময়ে কড়া বক্তব্য ও পাল্টাপাল্টি হুঁশিয়ারিকে কেন্দ্র করে দুই পরমাণু শক্তিধর দেশের সম্পর্ক নতুন করে আলোচনায় এসেছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সরাসরি কলকাতার নাম উল্লেখ করে হুমকি দেওয়ায় পরিস্থিতি আরও জটিল আকার নিয়েছে। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে ভারত যদি কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেয়, তাহলে পাকিস্তান কলকাতা পর্যন্ত পাল্টা আঘাত হানতে সক্ষম।
ভারতীয় সংবাদমাধ্যম NDTV জানায়, ২০২৫ সালের পহেলগাম হামলার বার্ষিকী ঘিরে এই বক্তব্য সামনে এসেছে। ওই হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন, যা দুই দেশের সম্পর্ককে নতুন করে উত্তপ্ত করে তোলে।
খাজা আসিফ অভিযোগ করেন, ভারত ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ চালানোর চেষ্টা করতে পারে এবং এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে পাকিস্তান তাৎক্ষণিক জবাব দেবে। তবে এই অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি। তিনি আরও বলেন, পাকিস্তান শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে থাকলেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা সর্বদা প্রস্তুত।
অন্যদিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাল্টা কড়া অবস্থান নিয়েছেন। কেরালায় এক অনুষ্ঠানে তিনি বলেন, পাকিস্তানের যেকোনো দুঃসাহসিক পদক্ষেপের জবাবে ভারত নজিরবিহীন ব্যবস্থা নিতে প্রস্তুত।
রাজনাথ সিং দাবি করেন, পহেলগাম হামলার পর ভারত যে সামরিক অভিযান পরিচালনা করেছে, তাতে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা হয়েছে। তিনি আরও জানান, এই ধরনের অভিযান এখনো শেষ হয়নি এবং ভবিষ্যতেও প্রয়োজন হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে এমন বক্তব্য-যুদ্ধ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নতুন উদ্বেগ তৈরি করছে। বিশেষ করে পরমাণু শক্তিধর এই দুই দেশের উত্তেজনা বাড়লে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়তে পারে।

কী-ওয়ার্ডস: ভারত-পাকিস্তান উত্তেজনা,কলকাতা হুমকি,দক্ষিণ এশিয়া নিরাপত্তা

 


এ জাতীয় আরো খবর