রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল তেহরান,সরকারি হিসাবে প্রাণহানি ৩ হাজার ছাড়াল

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০১-২২ ১০:৩৬:৩৬
ফাইল ছবি

ইরানের সাম্প্রতিক সরকারবিরোধী গণবিক্ষোভে নিহতদের আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশ করেছে দেশটির ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানায়, চলমান অস্থিরতায় এখন পর্যন্ত মোট ৩ হাজার ১১৭ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) প্রচারিত প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ২ হাজার ৪২৭ জনকে ‘শহীদ’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এই তালিকায় সাধারণ বেসামরিক নাগরিকের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন। অপরদিকে, ৬৯০ জনকে ‘সন্ত্রাসী-দাঙ্গাকারী’ হিসেবে চিহ্নিত করেছে সরকার।
ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী আকবর পৌরজামশিদিয়ান এক সাক্ষাৎকারে বলেন, যেসব ব্যক্তি বিক্ষোভের আড়ালে সহিংসতা, অগ্নিসংযোগ এবং সরকারি ও সামরিক স্থাপনায় হামলায় জড়িত ছিলেন, তাদের আলাদা করে ‘সন্ত্রাসী-দাঙ্গাবাজ’ শ্রেণিতে রাখা হয়েছে। তাঁর দাবি, নিহতদের দুটি তালিকা থেকেই প্রমাণ হয়-সরকার পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য ও সহনশীলতার নীতি অনুসরণ করেছে।
তবে সরকারি হিসাবের সঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্যের বড় ধরনের পার্থক্য রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির দাবি, বিক্ষোভ শুরুর পর থেকে ইরানে নিহতের সংখ্যা ৪ হাজার ৫৬০ জনে পৌঁছেছে। সংস্থাটি জানিয়েছে, দেশটির ভেতরে থাকা তাদের নিজস্ব নেটওয়ার্ক থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই হিসাব প্রকাশ করা হয়েছে।
এ ছাড়া বিভিন্ন বেসরকারি সূত্রে নিহতের সংখ্যা আরও বেশি বলে দাবি করা হলেও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এখনো সেসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। এর আগে এক সরকারি কর্মকর্তাও ইঙ্গিত দিয়েছিলেন, প্রাণহানি ৫ হাজার ছাড়িয়ে যেতে পারে।
উল্লেখ্য, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও লাগামহীন মূল্যস্ফীতির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। অল্প সময়ের মধ্যেই তা দেশের প্রায় সব প্রদেশে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধের পাশাপাশি সেনাবাহিনী ও অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করে সরকার। কঠোর দমন-পীড়নের পর বর্তমানে বিক্ষোভের তীব্রতা অনেকটাই কমে এসেছে বলে দাবি করছে তেহরান।

কীওয়ার্ডসঃইরান বিক্ষোভ,নিহতের সংখ্যা,সরকারি হিসাব


এ জাতীয় আরো খবর