রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের খসড়ায় অনুমোদন

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-০৯-২০ ১৬:০৪:১০
ছবি: সংগৃহীত।

দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা এবং সরকারি ক্রয় কার্যক্রমে প্রতিযোগিতা বাড়ানোর লক্ষ্যে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২১তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ক্রয় আইন সংশোধনের মাধ্যমে দেশীয় শিল্পের স্বার্থ রক্ষার পাশাপাশি ক্রয় কার্যক্রমে প্রতিযোগিতা বাড়ানোর ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে ক্রয়চুক্তি পরিচালনা ও ব্যবস্থাপনা-সংক্রান্ত বিধান সম্প্রসারণ এবং উন্মুক্ত দরপত্র পদ্ধতির কার্যপ্রণালি আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
টেকসই সরকারি ক্রয় ব্যবস্থাকে আরও কার্যকর করতে পণ্য, কার্য ও ভৌতসেবা ক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন নির্ণায়কের অনুপাতভিত্তিক মূল্যায়নের বিধান রাখা হয়েছে। আন্তর্জাতিকভাবে প্রচলিত ‘রেটেড ক্রাইটেরিয়া’ ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এ ব্যবস্থায় একাধিক নির্ণায়কের ভিত্তিতে ক্রয় প্রস্তাব মূল্যায়ন করা হবে।
এ ছাড়া সরকারি সম্পদের সুষম ব্যবহারের লক্ষ্যে সীমিত দরপত্র পদ্ধতির প্রয়োগসংক্রান্ত বিধান রাখা হয়েছে। পেশাগত অসদাচরণের বিষয়গুলো আরও স্পষ্ট করার পাশাপাশি রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে বিকল্প ক্রয় ব্যবস্থার সুযোগও রাখা হয়েছে।
এসব পরিবর্তন আনার লক্ষ্যে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে খসড়াটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বৈঠকে মন্ত্রিসভার সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা উপস্থিত ছিলেন।

সরকারি ক্রয়, দেশীয় শিল্প, দরপত্র


এ জাতীয় আরো খবর