রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

গ্রিনল্যান্ড প্রশ্নে উত্তেজনা প্রশমনে ট্রাম্পের ইউটার্ন,ইউরোপের শুল্ক স্থগিত

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০১-২২ ১০:২৫:৩০
ফাইল ছবি

গ্রিনল্যান্ড ইস্যুতে শুল্ক যুদ্ধের উত্তাপ কমিয়ে হঠাৎ সমঝোতার পথে হাঁটলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ন্যাটো মহাসচিবের সঙ্গে বৈঠকের পর দ্বীপটি ঘিরে একটি ‘ভবিষ্যৎ চুক্তির রূপরেখা’ তৈরির ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে ইউরোপের কয়েকটি দেশের ওপর ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা থাকা ১০ শতাংশ শুল্ক স্থগিত করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প জানান, গ্রিনল্যান্ড ও আর্কটিক অঞ্চলের নিরাপত্তা এবং কৌশলগত স্বার্থকে সামনে রেখে একটি দীর্ঘমেয়াদি ফ্রেমওয়ার্ক নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপ ঐকমত্যে পৌঁছেছে। এই সমঝোতার ফলেই আপাতত শুল্ক কার্যকরের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ওয়াশিংটন।
তবে গ্রিনল্যান্ড নিয়ে এই নতুন বোঝাপড়াকে ‘জটিল কিন্তু প্রয়োজনীয়’ বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেন, চুক্তির আওতায় গ্রিনল্যান্ডে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন এবং খনিজ সম্পদ ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইউরোপ যৌথভাবে কাজ করবে। তাঁর ভাষায়, এই কাঠামো এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে তা দীর্ঘদিন কার্যকর থাকে।
এর আগে দেওয়া বক্তব্যে গ্রিনল্যান্ড ইস্যুতে সামরিক শক্তি প্রয়োগের সম্ভাবনা নাকচ করে দেন ট্রাম্প, যা ইউরোপীয় মিত্রদের মধ্যে স্বস্তি ফিরিয়েছে। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স রাসমুসেন বলেন, শুল্ক স্থগিত ও শক্তি প্রয়োগ থেকে সরে আসার ঘোষণা যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনার সুযোগ তৈরি করেছে। তবে তিনি স্পষ্ট করেন, গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সব পরিকল্পনার সঙ্গে কোপেনহেগেন একমত নয়।
এরই মধ্যে ট্রাম্প-রুটে বৈঠকের আগে ইউরোপীয় পার্লামেন্ট যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি অনুমোদনের প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করেছিল। গ্রিনল্যান্ড অধিগ্রহণের আলোচনা ও শুল্ক হুমকিকে কেন্দ্র করে দুই পক্ষের সম্পর্কে যে টানাপড়েন তৈরি হয়েছিল, সাম্প্রতিক এই সমঝোতা সেই উত্তেজনা কিছুটা হলেও প্রশমিত করল বলে মনে করছেন বিশ্লেষকরা।

কীওয়ার্ডসঃগ্রিনল্যান্ড সংকট,যুক্তরাষ্ট্র-ইউরোপ সম্পর্ক,শুল্ক স্থগিত


এ জাতীয় আরো খবর