ছবির গভীরে লুকিয়ে ও কে!
এ তো চেনা সেই মুখ!
যাকে খুঁজে পাওয়া বড় দুষ্কর
ভাবনাতে দেয় সুখ।
এ ছবি নয়তো শুধু আঁকিবুকি
চাক্ষুষ বাস্তব,
ঝড় তুলে দিয়ে এই ছবি যেন
তছনছ করে সব।
এ ছবির রেখা তার কথা বলে
যাকে চায় শুধু মন,
উথালপাথাল যৌবনে ঝরে
অযাচিত বরিষণ।
মনের বৃত্তে এই ছবি যেন
জলন্ত কম্পাস,
ক্যানভাসে এই ছবিটিকে ঘিরে
ক্রেতাদের উচ্ছ্বাস।
মানস ছবির পরতে পরতে
নিখুঁত তুলির টান,
কোন শিল্পীর সিদ্ধ হস্তে
কল্পনা পেল প্রাণ!