আমি কবিতাকে কখনো- না বলব না,
সব কবিতাই আমার কাছে একেকটি ফুল;
যার সৌন্দর্য আছে, সুবাস আছে,
ছন্দের স্থিতি আছে,পাপড়ির গাঁথুনির মতো
মাত্রা ও পর্বে পর্বে ছড়ায় সে বাস।
সব কবিতাই আমার কাছে একেকটি নদী;
যার ঢেউ আছে, প্লাবন আছে,
সুরের মূর্ছনা আছে, নদীর বুকে নায়ের দোলার মতো
ছন্দে ছন্দে বাড়ায় সে চিত্ত বিলাস।
সব কবিতাই আমার কাছে একেকটি শহর;
যার ভিত্তি আছে, ইমারত আছে, কংক্রিট রাস্তা আছে,
আধুনিক সভ্যতায় বসবাসকারী মানুষের মতো
শব্দে-শব্দে ঘটায় সে শান্তি ও প্রগতির প্রাণময় বিকাশ।
সব কবিতাই আমার কাছে একেকটি মাঠ;
যার ফসল আছে, দখিনা বাতাস আছে,
ম-ম গন্ধ আছে, পাকা ধানের ছড়ার মতো
পরতে পরতে ছড়ায় সে রংবাহারি খোয়াব,
সৃষ্টি করে একেকটি রঙিন আকাশ।
যতদিন বাঁচি- কবিরা আমার ভাই,
ভাষা ও ছন্দে মেতে ওঠা এমন মানুষগুলো
আমার বন্ধু, আমার আত্মার আত্মীয়,
মন থেকে মনে গড়ে ওঠা দৃঢ়তার বন্ধন,
কাব্যজগতের উঁচুতলায় উঠতে পারা রুপার সিঁড়ি।
আমিও একটা সিঁড়ি হতে চাই,
সৌন্দর্যে সৌন্দর্যে ভুবন রাঙিয়ে মানুষের মনের
একান্ত অনুভূতির সঞ্চার ঘটিয়ে
মানুষকে ভালোবাসার অঙ্গীকারে আবদ্ধ থাকতে চাই।
আমি কবি হতে চাই, আমি কবিদের হতে চাই।