রবিবার, নভেম্বর ২২, ২০২৬

এ স এ ম আ জা দ হো সে ন

  • যে আমিকে সময় নিয়ে গেছে
  • ২০২৬-১১-২২ ১১:৩৪:১৯

কত পথ হেঁটে এলাম,অথচ পথের হিসাব নেই,
কত ঋতু ঝরে গেল,ক্যালেন্ডারে শুধু ক্ষয়।
কখনো মনে হয়,জীবন বহু দূরের কোনো দেশ,
কখনো মনে হয়,এই তো চোখের পলকে পরিচয়।

যে শৈশব উঠোনজুড়ে রোদ মেখে দৌড়াত,
তার পায়ের শব্দ আজও সন্ধ্যায় শুনতে পাই;
যে কৈশোর আকাশ ছুঁতে চেয়ে ঘুড়ি ওড়াত,
সে কোন মেঘের আড়ালে হারাল,খুঁজে নাহি পাই।

বুঝতে শিখেছি যখন বৃষ্টির ভাষা,
তখন শুকিয়ে গেছে কত নদীর বুক;
মানুষ চিনেছি যখন মুখোশের আড়ালে,
তখন আপনজনেরাই রেখে গেছে দীর্ঘ অসুখ।

সময়কে ভেবেছিলাম মুঠোয় রাখা বালু,
আঙুল বন্ধ করলেই বুঝি থাকবে আমার;
খুলে দেখি-শূন্য হাতে দাঁড়িয়ে আছি,
বালুর বদলে মুঠোয় জমেছে দীর্ঘশ্বাসের ভার।

জীবন বুঝতে বুঝতে জীবনই হয়েছে শেষের পথে,
প্রশ্নগুলো বেঁচে আছে,উত্তরগুলো নির্বাসিত;
যে আমিকে খুঁজতে গিয়ে এতটা পথ এলাম,
সে আমি কোথায়-কোন স্মৃতিতে আজও অনামিত?

ফিরে তাকাই-পেছনে পড়ে থাকে অসংখ্য আমি,
কেউ স্বপ্নে বাঁচে,কেউ বিষণ্নতায় মরে;
বর্তমান শুধু দরজায় দাঁড়িয়ে থাকা এক পথিক,
আগামীকাল ডাকে,অথচ আজও অতীতের ঘরে।

হয়তো জীবন মানে হারিয়ে যাওয়ারই শিল্প,
সময় তার নীরব শিক্ষক,স্মৃতি তার শেষ পাঠ;
বেঁচে থাকা মানে প্রতিদিন একটু করে বিদায়,
আর নিজের অজান্তে নিজেকেই খুঁজে ফেরার অবিরাম রাত।


এ জাতীয় আরো খবর