চারপক্ষীয় বৈঠক আয়োজনের প্রস্তাব,ইউক্রেনের নিরাপত্তায় স্পষ্ট নিশ্চয়তা চান তিনি
রাশিয়ার সঙ্গে নতুন করে শান্তি আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রস্তাবিত আলোচনায় ইউক্রেন,রাশিয়া,যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় নেতাদেরও অন্তর্ভুক্ত করার ওপর জোর দিয়েছেন তিনি। একই সঙ্গে ন্যাটোর পূর্ণ সদস্যপদ এবং ইউক্রেনের নিরাপত্তায় কার্যকর নিশ্চয়তার দাবি পুনর্ব্যক্ত করেছেন।
সোমবার বার্লিনে ন্যাটোভুক্ত দেশগুলোর আইনপ্রণেতাদের এক সমাবেশে ভিডিও বার্তায় এসব কথা বলেন জেলেনস্কি। রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা শুরুর সাম্প্রতিক উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি দ্রুত চারপক্ষীয় বৈঠক আয়োজনের আহ্বান জানান।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী,জেলেনস্কি বলেন,ইউক্রেন,ইউরোপ,যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে নিয়ে চারপক্ষীয় বৈঠক যত দ্রুত সম্ভব আয়োজন করতে হবে। আলোচনায় বসতে ইউক্রেন প্রস্তুত,এমনকি আগামীকালও।
তিনি জানান,অংশীদার দেশগুলো বড়দিনের আগে বৈঠক আয়োজনের চেষ্টা করছে। তবে তার প্রত্যাশা, এর আগেই আলোচনা শুরু করা সম্ভব হবে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেন যুদ্ধ অব্যাহত রয়েছে। যুদ্ধের অবসানে কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটোর পূর্ণ সদস্যপদ চেয়ে আসছেন জেলেনস্কি।
বার্লিনের সমাবেশে তিনি বলেন,ইউক্রেনের যুদ্ধ-অভিজ্ঞতা,আধুনিক প্রতিরক্ষা শিল্প ও শক্তিশালী সামরিক বাহিনী ন্যাটোর সক্ষমতা বাড়াতে পারে। তাঁর মতে,ন্যাটোর সদস্যপদই ইউক্রেনের নিরাপত্তার সবচেয়ে কার্যকর সমাধান।
তবে ন্যাটোর কয়েকটি সদস্যদেশ ইউক্রেনকে জোটে অন্তর্ভুক্ত করার বিষয়ে আপত্তি জানিয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জ্যারেড কুশনার শান্তি চুক্তির অংশ হিসেবে ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের আদলে ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করেন।
এ ধরনের নিশ্চয়তা নিয়ে প্রশ্ন তুলে জেলেনস্কি বলেন, ভবিষ্যতে ইউক্রেন আবার আক্রান্ত হলে কোন দেশ সহায়তা করবে, কী ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হবে,কোন দেশের সেনা মোতায়েন করা হবে এবং এর ব্যয় কত হবে-এসব বিষয়ে এখনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি।
এদিকে রাশিয়ার বিমান হামলা মোকাবিলায় ইউক্রেনকে আরও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন তিনি। বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম অস্ত্রগুলো ইউক্রেনকে দেওয়ার অনুরোধ জানিয়ে জেলেনস্কি বলেন,এসব অস্ত্র গুদামে পড়ে থাকার পরিবর্তে যুদ্ধক্ষেত্রে মানুষের জীবন রক্ষায় ব্যবহার করা উচিত।
জেলেনস্কি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ন্যাটো সদস্যপদ