রবিবার, নভেম্বর ২২, ২০২৬

২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই খাতের অবদান ৩৫ শতাংশ করার লক্ষ্য

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-১১-২২ ২২:৪৮:৩৫
ছবি: সংগৃহীত।

২০৩১ সালের মধ্যে দেশের জিডিপিতে কুটির,মাইক্রো,ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। একই সময়ে এ খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতা,প্রযুক্তিগত অগ্রগতি,বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি ও এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ বিবেচনায় জাতীয় এসএমই নীতিমালা-২০২৬-এর খসড়া প্রণয়ন করা হয়েছে। শিগগিরই এটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে উৎপাদনকেন্দ্র ও রপ্তানি প্রবেশদ্বার হিসেবে প্রতিষ্ঠা করা নতুন এসএমই নীতিমালার অন্যতম লক্ষ্য। ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে জাতীয় উৎপাদন, শিল্প সরবরাহব্যবস্থা এবং দেশি-বিদেশি মূল্যশৃঙ্খলের সঙ্গে যুক্ত করা হবে।
তিনি বলেন,এসএমই প্রতিষ্ঠানগুলোকে শুধু স্থানীয় বাজারে সীমাবদ্ধ না রেখে বড় শিল্পের সহযোগী উৎপাদক, যন্ত্রাংশ সরবরাহকারী ও উপকরণ প্রস্তুতকারক হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি রপ্তানিমুখী উৎপাদনব্যবস্থার অংশ করতে হবে।
চার বছরে ২৫ হাজার উদ্যোক্তা তৈরির পরিকল্পনা

ছবি: পিএমও
প্রধানমন্ত্রী জানান, আগামী চার বছরে দেশে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এসএমই ফাউন্ডেশনের কর্মসূচির আওতায় দেশের ৬৪টি জেলায় প্রতিবছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন,কর্মসংস্থান সৃষ্টি,দারিদ্র্য বিমোচন,নারী উদ্যোক্তা তৈরি,গ্রামীণ অর্থনীতির বিকাশ ও বৈদেশিক মুদ্রা অর্জনে এসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দক্ষিণ কোরিয়া,জাপান,ইন্দোনেশিয়া,ভিয়েতনাম, জার্মানি ও ইতালির মতো দেশ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেছে।
মূলধন ও প্রযুক্তির অভাব,ঋণপ্রাপ্তির জটিলতা,দক্ষ জনবলের সংকট এবং বিপণন সমস্যা এ খাতের বড় প্রতিবন্ধকতা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,এসব সমস্যা সমাধানে সহজ শর্তে ঋণ,আধুনিক প্রশিক্ষণ, নারী ও তরুণ উদ্যোক্তাদের প্রণোদনা এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
নতুন শিল্পখাতের পণ্য বিশ্ববাজারে নেওয়ার আহ্বান

ছবি: পিএমও
তৈরি পোশাক শিল্পের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা প্রমাণিত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখন চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প, তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল শিল্পের পণ্য নিয়ে বিশ্ববাজারে প্রবেশের সময় এসেছে।
তিনি জানান, এসএমই ফাউন্ডেশন দেশের ১৭৭টি সম্ভাবনাময় শিল্প ক্লাস্টার চিহ্নিত করেছে। এসব ক্লাস্টারকে ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট’ ও সৃজনশীল অর্থনীতির কর্মসূচির আওতায় বিকশিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় ঐতিহ্যবাহী ও সৃজনশীল পণ্যের উন্নয়নে জাতীয় ক্রিয়েটিভ অ্যান্ড ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা এবং আঞ্চলিক পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
আন্তর্জাতিক বাজারে পণ্যের পরিচিতি বাড়াতে আধুনিক নকশা, মানসম্মত উৎপাদন ও যথাযথ প্যাকেজিং নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিদেশি ক্রেতাদের সঙ্গে সরাসরি সংযোগ


সিঙ্গাপুর, লন্ডন ও প্যারিসের মতো আন্তর্জাতিক ব্যবসায়িক কেন্দ্রগুলোতে বাংলাদেশি এসএমই উদ্যোক্তাদের অংশগ্রহণে মেলার আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের পাটজাত পণ্যসহ বিভিন্ন শিল্পপণ্য প্রদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বিদেশি ক্রেতারা বাংলাদেশের পণ্যের প্রতি আগ্রহ দেখালেও অর্ডার গ্রহণের প্রস্তুতি না থাকায় সেই সুযোগ পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি।
ভবিষ্যতে আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণের পাশাপাশি উদ্যোক্তাদের এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে বিদেশি ক্রেতারা তাৎক্ষণিক অর্ডার দিতে পারেন এবং প্রয়োজনীয় ব্যাংকিং ও লেনদেনের ব্যবস্থা থাকে।
আগামী পাঁচ বছরে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে অন্তত ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি ‘মেড ইন বাংলাদেশ’ ও ‘ক্রিয়েটেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের মাধ্যমে স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারণ, জিআই, ট্রেডমার্ক ও ডিজাইন নিবন্ধনে সহায়তা এবং ক্রেতাদের সঙ্গে উদ্যোক্তাদের সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
নারী ও তরুণ উদ্যোক্তাদের অগ্রাধিকার

ছবি: পিএমও
প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের মেধা, শ্রম ও সৃজনশীলতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবারের এসএমই মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের প্রায় ৬০ শতাংশ নারী। তাঁরা বুটিক, পোশাক, হস্তশিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও ডিজিটাল প্ল্যাটফর্মে পণ্য বাজারজাত করছেন।
নারী উদ্যোক্তাদের অর্থায়ন, প্রযুক্তি, প্রশিক্ষণ, ব্যবসায়িক নেটওয়ার্ক ও পণ্য বিতরণে বিদ্যমান বাধা দূর করতে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
তরুণদের চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা ও চাকরিদাতা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সফল উদ্যোক্তাদের জীবনসংগ্রাম ও অর্জন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হতে পারে।
অনুষ্ঠানে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান।
বক্তব্য শেষে প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। মেলার অংশ হিসেবে সাতটি ক্যাটাগরি ও একটি বিশেষ ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ তুলে দেন তিনি।

এসএমইখাত, কর্মসংস্থান, তারেকরহমান


এ জাতীয় আরো খবর