সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

অর্থনীতি ও জ্বালানি সহযোগিতা জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-১১-২৩ ১৪:৪১:১৯
ছবি: সংগৃহীত।

নয়াদিল্লিতে মোদির সঙ্গে বৈঠক,দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে গুরুত্ব
অর্থনৈতিক,জ্বালানি ও বাণিজ্যিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ভারত সফরে রয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। সোমবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন তিনি। সফর উপলক্ষে শাহকে লালগালিচা সংবর্ধনা ও সামরিক গার্ড অব অনার দেওয়া হয়।
বার্তা সংস্থা এএফপি ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ৩৬ বছর বয়সী বালেন্দ্র শাহ গত মার্চে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ভারতকে প্রথম দ্বিপক্ষীয় সফরের গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন। এর আগে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে তিনি নিউইয়র্ক সফর করেন।
সোমবার রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনার পর মোদির সঙ্গে বৈঠকে দুই দেশের বাণিজ্য,জ্বালানি, যোগাযোগ,অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়টিও গুরুত্ব পাবে।
নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরের শুরুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে শাহের বৈঠকে বাণিজ্য, পণ্য পরিবহন, ট্রানজিট সুবিধা ও জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।
স্থলবেষ্টিত নেপালের বাণিজ্যে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশটির আমদানির বড় অংশ ভারত থেকে আসে। একই সঙ্গে চীনের সঙ্গেও অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখে আঞ্চলিক ভারসাম্য রক্ষার চেষ্টা করছে কাঠমান্ডু।
গত বছরের সেপ্টেম্বরে তরুণদের নেতৃত্বে দুর্নীতিবিরোধী আন্দোলনের পর নেপালে রাজনৈতিক পরিবর্তন ঘটে। নতুন সরকারের সামনে অর্থনৈতিক পুনর্গঠন, অবকাঠামো উন্নয়ন ও সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
শাহের ভারত সফরকে দুই প্রতিবেশী দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্কের নতুন সম্ভাবনা তৈরির গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

ভারত-নেপাল সম্পর্ক, বালেন্দ্র শাহ, জ্বালানি সহযোগিতা


এ জাতীয় আরো খবর