মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

জাপানে কর্মসংস্থানের প্রস্তুতি নিচ্ছেন আনসার-ভিডিপির নারী সদস্যরা

  • ফরিদপুর প্রতিনিধি
  • ২০২৬-১১-২৪ ০০:১৩:৩৬
ছবি: সংগৃহীত।

ফরিদপুরে জাপানি ভাষা প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন প্রতিনিধি দলের
জাপানে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নারী সদস্যদের জাপানি ভাষা প্রশিক্ষণ কার্যক্রম চলছে। ফরিদপুরে পরিচালিত এ প্রশিক্ষণ কার্যক্রমের অগ্রগতি ও প্রশিক্ষণার্থীদের প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেছে জাপান ও এডসেকের (ADSEC) প্রতিনিধিদল।
সোমবার ফরিদপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা প্রশিক্ষণার্থীদের ভাষাগত দক্ষতা, পাঠদান পদ্ধতি, প্রশিক্ষণের পরিবেশ এবং জাপানে কর্মসংস্থানের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। এ সময় আনসার বাহিনীর সদর দপ্তরের পরিচালক (প্রকল্প-প্রশিক্ষণ) মো. মইনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলে জাপানের তিনজন ও এডসেকের দুজন সদস্য অংশ নেন।
প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিনিধিরা তাঁদের ভাষা শেখার অভিজ্ঞতা, অর্জিত দক্ষতা ও জাপানে কাজ করার আগ্রহ সম্পর্কে জানতে চান। প্রশিক্ষণার্থীদের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে জাপানি প্রতিনিধিরা দেশটির কর্মপরিবেশ, কর্মজীবন, ভাষাগত দক্ষতা উন্নয়ন ও চাকরির প্রস্তুতি বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে পরিচালক মো. মইনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে প্রশিক্ষণার্থীদের ভাষাগত দক্ষতার পাশাপাশি ব্যবহারিক জ্ঞান, নিয়মানুবর্তিতা ও অধ্যবসায় অর্জন করতে হবে। এসব বিষয়ে গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য তিনি নারী সদস্যদের পরামর্শ দেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জাপানি ভাষা প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে নারী সদস্যদের আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

জাপানে কর্মসংস্থান, আনসার নারী প্রশিক্ষণ, জাপানি ভাষা


এ জাতীয় আরো খবর