মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে শনিবার সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে তিনি শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।
শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের পর সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি শিখা অনির্বাণের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এর আগে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তাঁর প্রতিরক্ষা উপদেষ্টা, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে যান। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও মহাপরিচালকরা। এ সময় তিন বাহিনীর প্রধান তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা
পরে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে সাত বীরশ্রেষ্ঠের নিকটাত্মীয়সহ প্রায় ১০১ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।
সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সঙ্গে চা-চক্রে অংশ নেন এবং তাঁদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটান।
সশস্ত্র বাহিনী দিবসের বিশেষ কর্মসূচি
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও সংশ্লিষ্ট স্থাপনা এবং বিমানবাহিনীর ঘাঁটিতে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দিবসের কর্মসূচির শুরুতে ফজরের নামাজের পর দেশের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উন্নতি ও অগ্রগতি এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় মসজিদগুলোতে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মত্যাগ স্মরণ, তাঁদের বীরত্বের প্রতি সম্মান প্রদর্শন এবং দেশপ্রেমের চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস।
সশস্ত্রবাহিনীদিবস, তারেকরহমান, শিখাঅনির্বাণ