শনিবার, নভেম্বর ২১, ২০২৬

সশস্ত্র বাহিনী বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের গর্বিত প্রতীক: প্রধানমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৬-১১-২০ ২৩:৩৫:০৩
ফাইল ছবি

বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত।
আগামীকাল ২১ নভেম্বর ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষ্যে আজ দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বাণীতে তারেক রহমান বলেন, ২১ নভেম্বর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ শুরু করেন। মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্য ও দেশপ্রেমিক জনগণের অংশগ্রহণে সেই আক্রমণ মুক্তিযুদ্ধকে নতুন গতি ও মাত্রা দেয়।
তিনি বলেন, এই ঐতিহাসিক ঘটনার স্মরণে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, নির্ভীক সাহসিকতা, শৌর্য, সংকল্প ও শৃঙ্খলার সমন্বয়ে গড়ে উঠেছে জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এই বাহিনীর অসীম সাহসিকতা ও আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের সততা, পেশাদারিত্ব, দক্ষতা ও কর্মক্ষমতা বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের মর্যাদা ও ভাবমূর্তি বাড়িয়েছে।
দেশের প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন সংকটের সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, দুর্যোগ মোকাবিলা ও বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তাদের কার্যক্রম বাহিনীটিকে জনগণের আস্থার প্রতীকে পরিণত করেছে।
বাণীতে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে সুশৃঙ্খল, ক্ষিপ্র, আধুনিক ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলেও বাহিনীর আধুনিকায়ন অব্যাহত ছিল।
বর্তমান সরকারও উন্নত বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীকে প্রযুক্তিনির্ভর, দক্ষ, গতিশীল ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, সশস্ত্র বাহিনী একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গৌরব ও শৌর্য-বীর্যের প্রতীক। বিভিন্ন সময়ে বাংলাদেশের স্বার্থবিরোধী শক্তি এই বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করলেও দেশপ্রেমিক নেতৃত্ব ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পাশাপাশি ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানেও সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ছিল। জাতীয় সংকট ও পরিবর্তনের গুরুত্বপূর্ণ সময়ে বাহিনীর দায়িত্বশীল ভূমিকা দেশের স্থিতিশীলতা ও জনআস্থার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ।
বাণীর শেষাংশে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাত বীরশ্রেষ্ঠসহ দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সব বীর সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান।
তিনি সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত সব কর্মসূচির সাফল্য কামনা করেন এবং বাহিনীর সদস্য ও তাঁদের পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

 

সশস্ত্রবাহিনীদিবস, তারেকরহমান, বাংলাদেশসশস্ত্রবাহিনী


এ জাতীয় আরো খবর