সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

দ্বিতীয় দফায় গ্রিডে ৩৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ দিল রূপপুর

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-১১-২৩ ১২:১২:৫২
ফাইল ছবি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার সকাল ১০টা ২০ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে এ সরবরাহ শুরু হয়।
প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, দ্বিতীয় দফায় প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় উৎপাদনব্যবস্থা ও জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনার বিভিন্ন কারিগরি দিক পরীক্ষা করা হবে।
এর আগে গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো রূপপুর কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ করা হয়। ওই দিন প্রথম ইউনিট থেকে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে প্রায় সাড়ে আট ঘণ্টা সরবরাহ করা হয়েছিল। পরে রাত ১১টা ৫০ মিনিটে গ্রিড সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানান, প্রথম দফার পরীক্ষায় টারবাইন, জেনারেটর ও জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা এবং স্থিতিশীলতা সন্তোষজনক পাওয়া গেছে। প্রয়োজনীয় বিরতির পর দ্বিতীয় দফায় সংযোগ দেওয়া হয়েছে।
তিনি বলেন, পরবর্তী পরীক্ষায় প্রয়োজন অনুযায়ী উৎপাদন বাড়ানো বা কমানো হবে। কোনো কোনো পরীক্ষার প্রয়োজনে ইউনিট সাময়িক বন্ধও রাখা হতে পারে। উৎপাদনের ওঠানামার সঙ্গে গ্রিডের ভারসাম্য বজায় রাখতে পাওয়ার গ্রিড বাংলাদেশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক আশা প্রকাশ করেন, ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে প্রথম ইউনিটের বিদ্যুৎ পূর্ণ সক্ষমতায়, প্রায় ১ হাজার ১৫০ মেগাওয়াট, জাতীয় গ্রিডে সরবরাহের চেষ্টা চলছে। এটি সম্ভব হলে আগামী গ্রীষ্মে বিদ্যুৎ ঘাটতি অনেকটাই কমবে।
প্রকল্পসংশ্লিষ্টরা জানান, পরীক্ষামূলক গ্রিড সংযোগ মানেই বাণিজ্যিক উৎপাদন শুরু নয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা ও নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে প্রয়োজনীয় পরীক্ষা, লাইসেন্স ও অনুমোদন শেষে উৎপাদনক্ষমতা ধাপে ধাপে বাড়ানো হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নির্মাণ করা হচ্ছে। উভয় ইউনিট পুরোপুরি চালু হলে কেন্দ্রটি থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে।

রূপপুরপারমাণবিকবিদ্যুৎকেন্দ্র, জাতীয়গ্রিড, বিদ্যুৎউৎপাদন


এ জাতীয় আরো খবর