ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘যুদ্ধ উসকানি’ দেওয়ার অভিযোগ করেছেন। ক্যারিবীয় অঞ্চলে মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েনের পর শুক্রবার (২৪ অক্টোবর) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এই অভিযোগ তোলেন।
মাদুরো বলেন, “তারা বলেছিল আর কোনো যুদ্ধে জড়াবে না, অথচ এখন নিজেরাই যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে। তারা নতুন এক চিরস্থায়ী যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে।”
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, লাতিন আমেরিকায় মাদক পাচারকারী সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযান চালাতে একটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ পাঠানো হয়েছে। তবে বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ অঞ্চলটিতে নতুন উত্তেজনা তৈরি করেছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুরু হওয়া চলমান অভিযানে ১০টি এফ-৩৫ যুদ্ধবিমান ও ৮টি মার্কিন নৌযান অংশ নিচ্ছে। ট্রাম্প জানিয়েছেন, এটি ‘মাদক-সন্ত্রাসীদের’ বিরুদ্ধে সামরিক অভিযান। তবে এখন পর্যন্ত অন্তত ৪০ জন নিহত হয়েছেন, যাদের অনেকেই বেসামরিক জেলে ছিলেন বলে অভিযোগ করেছে ভেনিজুয়েলা সরকার।
ওয়াশিংটনের ঘোষণায় আরও জানা গেছে, ২৬ থেকে ৩০ অক্টোবর ভেনিজুয়েলার উপকূলের কাছে ট্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হবে। এ সময় মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস গ্র্যাভলি পোর্ট অব স্পেনে নোঙর করবে এবং উভয় দেশের সেনারা যৌথ প্রশিক্ষণ নেবে।
কীওয়ার্ডস: নিকোলাস মাদুরো, যুক্তরাষ্ট্র, ক্যারিবীয় যুদ্ধ