সোমবার, জুলাই ২৭, ২০২৬

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি ৬৩, অনাহারে মৃত্যু আরও ৮ জনের

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৮-২৪ ১২:২১:২৯
ছবি সংগৃহিত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় নতুন করে অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। একই সঙ্গে অনাহারে আরও ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে, ইসরায়েলি সেনারা জোরপূর্বক বাস্তুহীন করে মানুষকে উৎখাতের অভিযান অব্যাহত রেখেছে।রোববার (২৪ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে ২২ জন মানবিক সহায়তা নিতে আসা সাধারণ মানুষ।গাজার চিকিৎসা সূত্রে জানা যায়, শনিবার একদিনেই ৬৩ জন প্রাণ হারিয়েছেন। ইসরায়েলি সেনারা আরও গভীরে গাজা সিটির ভেতরে প্রবেশ করেছে। শহরটি দখলের লক্ষ্যে এবং প্রায় এক মিলিয়ন মানুষকে জোরপূর্বক উৎখাতের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হচ্ছে।ইসরায়েলি স্থল অভিযান ও হামলা:
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি ট্যাংক গাজা সিটির সাবরা এলাকায় প্রবেশ করেছে। এটা স্থল অভিযানের আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত দেয়। সাবরার পাশের জায়তুন পাড়ায় গত এক সপ্তাহ ধরে বারবার হামলা চালানো হচ্ছে।গাজার আল-আহলি হাসপাতাল জানিয়েছে, সর্বশেষ বিমান হামলায় সাবরায় এক শিশু নিহত হয়েছে।এছাড়া শনিবার সকালে দক্ষিণ গাজার খান ইউনিসের আসদা এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর তাবুতে গোলাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এতে ছয় শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অপুষ্টির কারণে ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশু রয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে ২৮১ জনে দাঁড়িয়েছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ বলেছেন, 'ক্ষুধা ও অপুষ্টি শিশুসহ সাধারণ মানুষের জীবন কেড়ে নিচ্ছে।'এদিকে, জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, প্রায় পাঁচ লাখ মানুষ বর্তমানে ভয়াবহ খাদ্যসংকটে ভুগছেন।

কীওয়ার্ডস:গাজা উপত্যকা,ইসরায়েলি হামলা,ফিলিস্তিনের মানবিক সংকট,গাজার দুর্ভিক্ষ


এ জাতীয় আরো খবর