রবিবার, জুলাই ২৬, ২০২৬

লন্ডনে সৌদি যুবরাজের মৃত্যু, ময়নাতদন্তে অ্যালকোহল-মাদকের প্রমাণ

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৬-০৭-২৫ ১০:৫৯:২৬
ফাইল ছবি

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের একটি বিলাসবহুল হোটেলে সৌদি আরবের এক যুবরাজের মৃত্যুর ঘটনায় নতুন তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ। ময়নাতদন্ত ও টক্সিকোলজি প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত অ্যালকোহল সেবনের পাশাপাশি একাধিক মাদকজাতীয় পদার্থ গ্রহণের ফলে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত ব্রিটিশ দৈনিক *দ্য টেলিগ্রাফ*-এর প্রতিবেদনে জানানো হয়, নিহত যুবরাজ আবদুল্লাহ বিন ফাহাদ বিন আবদুল্লাহ বিন আবদুল আজিজ বিন জালাউই আল সৌদ (২৯) গত বছরের ২৫ নভেম্বর পশ্চিম লন্ডনের কেনসিংটনে অবস্থিত একটি ম্যারিয়ট হোটেলের কক্ষের বাথরুমে অচেতন অবস্থায় পাওয়া যান। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আদালতে উপস্থাপিত ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়, তার প্রতি ১০০ মিলিলিটার রক্তে ২২২ মিলিগ্রাম অ্যালকোহল পাওয়া গেছে। একই সঙ্গে শরীরে গামা-হাইড্রোক্সিবিউটিরেট (জিএইচবি), গাঁজা, জ্যানাক্স (অ্যালপ্রাজোলাম) এবং উদ্বেগ কমানোর আরও কয়েকটি ওষুধের উপস্থিতি শনাক্ত করা হয়।
তদন্তে উঠে এসেছে, মৃত্যুর আগে যুবরাজ দীর্ঘদিন ধরে অ্যালকোহল ও জ্যানাক্সে আসক্ত ছিলেন। ঘটনার প্রায় তিন মাস আগে তিনি লন্ডনের একটি পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা নেন। পরে সেন্ট হেলেন্সের আরেকটি বিশেষায়িত ক্লিনিকেও ভর্তি হন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পান। তবে পরবর্তী নির্ধারিত ফলোআপ সেশনে তিনি অংশ নেননি।
মনোরোগ বিশেষজ্ঞ ভিক্টোরিয়া চামোরো আদালতে জানান, চিকিৎসাকালে যুবরাজের আচরণ স্বাভাবিক ছিল এবং তাকে আত্মহত্যার ঝুঁকিতে রয়েছেন বলে মনে হয়নি।
হোটেলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুর আগের সন্ধ্যায় তিনি শেষবারের মতো সিগারেট খাওয়ার জন্য কক্ষের বাইরে বের হয়েছিলেন। পরে এক পরিচ্ছন্নতাকর্মী বাথরুমের মেঝেতে তাকে পড়ে থাকতে দেখে কর্তৃপক্ষকে খবর দেন।
আদালত জানিয়েছে, তদন্তে আত্মহত্যা কিংবা অন্য কারও সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজেও দেখা গেছে, মৃত্যুর আগে তিনি একাই ছিলেন। এসব তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালত ঘটনাটিকে 'দুর্ঘটনাজনিত মৃত্যু' হিসেবে উল্লেখ করেছে এবং মৃত্যুর কারণ হিসেবে 'একাধিক মাদক ও অ্যালকোহলের সম্মিলিত প্রভাব'কে দায়ী করেছে।
উল্লেখ্য, যুবরাজ আবদুল্লাহ বিন ফাহাদ সৌদি আরবের বাদশাহ সালমানের প্রপিতামহের বংশধর ছিলেন।

সৌদি যুবরাজ, লন্ডন, ময়নাতদন্ত


এ জাতীয় আরো খবর