শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

জা হা ন সৈ য় দ

  • শান্ত নীড়ে
  • ২০২৫-০৮-১৯ ১১:৩৬:২৯

একদিন নতুন জীবনের আশা লয়ে বুকে,
শৈশব কৈশর ফেলে রেখে অতীতের বাঁকে।
হাত দু'খানা সঁপে দিয়ে স্বপ্ন সাথীর হাতে 
পাড়ি দিয়েছিলেম সাত সমুদ্র তারুণ্য নিয়ে সাথে।
 
সহস্র কাঁটা ছিল বিছানো সেই নতুন ভূমিতে, 
ভেঙ্গে চুরমার হলো স্বপ্ন বাস্তবের রূঢ় আঘাতে।
পথের সেই কাঁটায় রক্ত ঝরেছে পায়,
সঙ্কটে সংঘর্ষে জীবন তবু এগিয়ে যায়।  

যখন গৃহের কারাগারে ছিলেম বন্দিনি,        
পরিচয় ছিল মোর শুধু মা আর গৃহিণী।   
ভরা ব্যাস্ততায় কেটে যেত মোর দিনমান,   
নিয়তি ছিল তাই কখনো করিনি অভিমান।  

নানা কাজের ভীড়ে ফুরায়ে তো যেত দিন, 
নিশি যে ফুরাতোনা মোর কাটিত নিদ্রাহীন। 
এলোমেলো ভাবনা এসে জড়ো হতো মনে,
কি হতো যদিনা আসিতাম এই প্রবাস জীবনে? 

আজ শুধু মনে মনে ভাবি জীবনের এই পরিপাটি ছবি,
কে দিল সাজিয়ে ডালা অর্ঘ্য নৈবেদ্য সবই? 
ছোট ছোট কতযে গল্প আজ স্বপ্নের মত হয়ে, 
ছড়িয়ে ছিটিয়ে আছে মনের গহীনে মোর প্রশান্ত হৃদয়ে।    
একে একে উড়াল দিল পাখিরা রইলোনা আর কুলায়,
মনে পড়ে সেই দিনগুলো আজ এই সায়াহ্ন বেলায়।     
ছানাদের  নিয়ে আবার যখন মাঝে মাঝে আসে ফিরে,
কলকাকলীতে আনন্দ বন্যা বয়ে যায় মোর শান্ত নীড়ে।           
 


এ জাতীয় আরো খবর