শনিবার, মে ২, ২০২৬

অ রু ণি মা চ্যা টা র্জী

  • বৃষ্টি বিলাস
  • ২০২৫-০৭-১৪ ১২:২১:৫২

বৃষ্টি গানে ব্যর্থ প্রাণে , চুপকথারা জেগে ওঠে 
রিমঝিম ওই করুণ তানে, এক মুঠো রোদ বন্দী ঠোঁটে। 
এক ফালি রোদ মুঠো বন্দী , কোন সে অতীত মধুর ফাগে  !
মুঠো খুললেও হয় না সন্ধি, ফুঁসছে আকাশ আগুন রাগে।

ছায়া ছায়া বৃষ্টি শরীর, ছায়াপথের মায়া রচে 
বৃষ্টি ভেজা মনের প্রাচীর, বৃষ্টি জীবন তবুও বাঁচে। 
নিশীথ রাতে টাপুর টুপুর, মালকোষ রাগ এমন বুঝি, 
বাঁধন ভাঙা অশ্রু পুকুর, ইমন রাগ কোথায় খুঁজি ?

বৃষ্টি বিলাস সুখের আবেশ, কাব্য কথায় মানায় ভালো 
দীন দুঃখীর নেই তো প্রবেশ, কে দেখাবে ওদের আলো ?
কুয়াশারা সব যুক্তি করে, জ্যোৎস্না ফটক আগল দিলো,
একলা চিলের আকাশ ভরে, মহাজাগতিক বিষাদ আলো। 

বৃষ্টি তোমার মলিন আভা, মেঘের বাড়ি কোন সে ধামে 
দীপ্ত আকাশ সূর্য প্রভা, অনন্ত নীল আকাশ খামে,
রক্ত রাঙা আকাশ ভরে, দীপ্ত প্রাণে ঢাকবে যে ঢেউ 
স্বপ্ন ডানায় ভরটি করে, মুক্ত হাসি হাসবে তো কেউ !

বৃষ্টি ,সূর্য , জ্যোৎস্না মিলে,  বিনিসুতোর গাঁথা মালা 
কারো আসতে দেরি হলে, বাধা পড়ে এ পথ চলা।
কুয়াশা শুধু নীরব ভাষায়, পাতার ভাঁজে স্মৃতি আঁকে,
মানুষ থাকে আশায় আশায়, অতীত খোঁজে জটিল বাঁকে।


এ জাতীয় আরো খবর