রবিবার, মে ৩১, ২০২৬

“আমাদের শত্রু, আপনাদেরও শত্রু”-আমেরিকানদের সমর্থন চাইলেন নেতানিয়াহু

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৬-১৫ ১৪:১৭:৪১
ছবি সংগৃহিত

ঢাকা, ১৫ জুন ২০২৫
যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশ্যে সরাসরি সমর্থনের আহ্বান জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক ভিডিওবার্তায় তিনি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন এবং একই সঙ্গে দাবি করেন, মধ্যপ্রাচ্যে ইসরাইল ‘সেই একই স্বাধীনতা’ রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছে।
ভিডিওতে ইংরেজি ভাষায় দেওয়া বার্তায় নেতানিয়াহু বলেন, “আমাদের শত্রুরাই আপনাদের শত্রু। আজ না হয় কাল, এই হুমকি সবার জন্যই বিপজ্জনক। আমরা প্রতিরোধ করছি বলেই ভবিষ্যৎ নিরাপদ থাকবে।”
নেতানিয়াহু আবারো তার পরিচিত অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ইরান একটি অত্যাচারী শাসন ব্যবস্থা চালু রেখেছে, এবং ইসরাইল তার আঞ্চলিক প্রক্সি-হিজবুল্লাহ ও হামাস-এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।
তিনি বলেন, “আমরা যদি এখনই পদক্ষেপ না নেই, তাহলে ইরান তাদের প্রক্সি বাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করবে। এই বিপদ শুধু আমাদের নয়-পশ্চিমা বিশ্বেরও।”
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন উপলক্ষে নেতানিয়াহু শুভেচ্ছা জানান এবং তার প্রশাসনকালে ইসরাইলের প্রতি ‘স্পষ্ট সমর্থন’-এর কথা স্মরণ করেন। তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের জনগণ, প্রেসিডেন্ট ট্রাম্প এবং বিশ্বের অনেক অংশের মানুষের অকুণ্ঠ সমর্থনেই আজ আমরা আমাদের লড়াই চালিয়ে যাচ্ছি।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গাজা ও দক্ষিণ লেবাননের বিরুদ্ধে সামরিক অভিযানে আন্তর্জাতিক সমালোচনার মুখে নেতানিয়াহুর এই বার্তা মূলত মার্কিন জনমত প্রভাবিত করার কৌশল। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ও কংগ্রেসের একাংশের সমালোচনা বাড়ছে।
নেতানিয়াহু তার ভিডিও বার্তায় এমন কিছু দাবিও করেন যার পক্ষে কোনো সরাসরি প্রমাণ উপস্থাপন করা হয়নি। যেমন-ইসরায়েলি পদক্ষেপ না নিলে ইরান পারমাণবিক অস্ত্রে হিজবুল্লাহ ও হামাসকে সজ্জিত করতো-এই দাবির সঙ্গে কোনো গোয়েন্দা প্রতিবেদন বা তথ্য উপস্থাপন করেননি তিনি।
নেতানিয়াহুর এই বক্তব্য যুক্তরাষ্ট্রে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। রিপাবলিকান নেতৃত্ব তার বক্তব্যকে ‘দুরদর্শী’ আখ্যা দিলেও ডেমোক্র্যাটিক দলের বেশ কিছু সদস্য নেতানিয়াহুর বক্তব্যকে ‘আক্রান্ত হওয়ার ছুতো’ বলে অভিহিত করেছেন।
নেতানিয়াহুর এই বার্তা ইসরাইল-যুক্তরাষ্ট্র সম্পর্কের জটিলতায় একটি নতুন মাত্রা যোগ করেছে। এই মুহূর্তে ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতি ও আন্তর্জাতিক সমালোচনার ঢেউ সামাল দিতে নেতানিয়াহু সরাসরি আমেরিকান জনগণের কাছেই সমর্থন চাইছেন-যা এক ধরনের কৌশলগত ‘পাবলিক ডিপ্লোম্যাসি’ হিসেবেও ব্যাখ্যা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

 


এ জাতীয় আরো খবর