বুধবার, জুন ২৪, ২০২৬

হে লা লু জ্জা মা ন হে লা ল

  • মুখস্থ হয়ে গেছে তোমার অনুপস্থিতি
  • ২০২৫-০৪-২২ ১৭:২৯:৩৫

চশমাটা চলছে না একদম ;
দূর থেকে চিনতে পারি না 
কাছে এলে  ঝাপসা লাগে 
তোমারও এমন হয়েছিল -
চলে যাওয়ার কারণ!! 

পাল্টাবো ভাবছি 
তোমার পছন্দের ফ্রেমটা রাখা যেত যদি 
এতটা দূরের হলে যে
 প্রয়োজন আছে কিনা তাও ভাবতে হয় ইদানিং
তুমি কিনে দিয়েছিলে 
টিফিনের টাকা বাঁচিয়ে, 

এখন নাকি কাউকে কিছু কিনে দিতে চাইলে 
টাকা বাঁচাতে হয় না তোমার। 
অনেকের দুবেলা আহারের অধিক মূল্যের টিফিন
নষ্ট হয় তোমার টেবিলে।
কপর্দকহীন আমিও নই
খারাপ সময় যাচ্ছে তাও নয়, শুধু
একান্ত আপন সময় গুলো এলে 
নিলামের ডাক ওঠে তোমার নামে! 

তোমার দেওয়া ঘড়িটা চলছে ঠিকঠাক 
প্রাণবন্ত কোন কিছু থামিয়ে দিতে ইচ্ছে করে না, 
পদ্ধতিটা শেখাওনি
কখন কিভাবে হঠাৎ থামিয়ে দিতে হয় জীবন, ফল্গুধারা। 
জড় পদার্থের প্রাণ -ঘুরে চলেছে গোলক ধাঁধায়! 
উদাস সময়টা এখনো তোমার, যেন
প্রতিটি  নিঃশ্বাস চলে তোমার ইচ্ছেতেই।  
আর কোন স্মৃতি নেই তেমন, শুধু 
পাঁজর  ভাঙ্গার শব্দ শুনি রাতের বালিশে!  

মুখস্ত হয়ে গেছে তোমার অনুপস্থিতি।। 

 


এ জাতীয় আরো খবর