বুধবার, জুন ২৪, ২০২৬

ম হু য়া বি শ্বা স

  • তুমি ভালো থেকো
  • ২০২৫-০৪-২২ ১২:৫৬:২০

তুমি বলেছিলে প্রেম যদি নাই টেকে , 
লিখে রেখো কোনো পাথরে আমার নাম । 
একদিন যাবো একসাথে সেইখানে , 
সংসারে যবে থাকবেনা কোনো দাম । 

তুমি বোলো যত না বলা ব্যথার কথা । 
জড়াবো আঁচলে যতটা জড়াতে পারি । 
আমিও বলবো কতটুকু হলো পাওয়া । 
কতটা পাইনি গল্প বলবো তারই । 

তুমি আর আমি এসেছি আজকে আবার , 
কথা ছিলো ঠিক একদিন হবে দেখা । 
আমরা দুজনে যেন দুটো মহাযুগ
পেরিয়ে এসেছি হাঁটতে হাঁটতে একা ।
 
কাঁচাপাকা চুলে তোমাকে লাগছে বেশ । 
আমারও শাড়িতে দায়সারা পরিপাটি । 
তোমার আঙুলে জ্বলন্ত সিগারেট । 
ত্রস্ত দু পায়ে থেমে গেছে হাঁটাহাঁটি । 

কত যুগ পরে আমাদের এই দেখা । 
অথচ চাইছি শুনতে ব্যথার গান ।
'তুমি ভালো থেকো' চেয়েছি যেমন রোজ ! 
সঙ্গে চেয়েছি জমে থাক অভিমান ।
 


এ জাতীয় আরো খবর