শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

অ নু প ম ব ড়ু য়া পা রু

  • আজীবন আমি শুধু বেদনা চুষেছি
  • ২০২৫-০৩-০৫ ১৬:২১:৫৮

আজীবন আমি শুধু বেদনা চুষেছি
টালমাটাল হৃদয়ে শুধু বেদনা চুষেছি
কৈবল্যধামে গিয়ে নিয়েছি কিছু হাহাকার 
অতলান্ত হৃদয়ের মুকুটে বেঁধেছি লালকাপড়
পাখির ঝাঁকে ছুঁড়ে দিয়েছি নিঃশ্বাস ফুঁ
বেদনার পাহাড়ে আজ জমেছে নীলপদ্ম 
আমি বেদনা নই,তবে বেদনা পিয়াসী
বেদনায় জ্বলতে আমার লাগে বেশ
আমি বৈরাগী নই
তবে বৈরাগী জীবন টানে আমার হৃদয়ে 
একতারা হাতে বাউল বেশে কতবার বের হয়েছি
বার বার ফিরে এসেছি
আকাশের মেঘ দেখে আমি খুঁজে নিয়েছি জীবনের অস্তিত্ব 
কতবার বায়না ধরেছি পাহাড়ে যাবো
গাছের তলায় ধ্যানমগগ্ন হবো
ঋষিদের মত খুঁজে নেবো ঈশ্বরের চোখ
তাতেও ব্যর্থ হয়েছি
আমার জীবনে ব্যর্থতার ভাগ বেশী
জীবনের যেমন নিশ্চয়তা নেই
জীবনের যেমন অনিশ্চিত যাত্রা 
সেখানে ব্যর্থতায় ভরে থাকুক জীবন 
আমি অরণ্যে গিয়েছি
সেখানে পাখির কলরব আর ঝিঁঝি পোকার শ্লোগান ছাড়া আর কিছু শুণিনি
পৃথিবী একদিন নিস্তব্ধ হবে
খুঁজে পাওয়া যাবেনা প্রাণিকুল
তবুও জল খুঁজে বেড়াবে কিছু অদৃশ্যলোক
বেদনারা জড়ো হবে
আমার হৃদয় তখন নেচে উঠবে মহাশূন্যে 
ওহে প্রত্নতত্ত্ববিদ আর খুঁজো না সভ্যতার ফসিল
পৃথিবীতো একটা মস্তবড় সভ্যতা

 


এ জাতীয় আরো খবর