ফেনী প্রতিনিধি
ফেনীতে গত ৭ দিনে ৪০০ পরিবারের মাঝে খাদ্য ও বিশুদ্ধ পানি পৌঁছে দিয়েছে নিরাপদ সড়ক চাই- ‘নিসচা’ জেলা কমিটি। বুধবার বিকেলে দাগনভূঞা উপজেলার মাতুভূঞার বন্যার্ত ৫০ পরিবারের জন্য চাল, ডাল, আলু, খেজুর, বিশুদ্ধ পানিসহ নানা সামগ্রীর প্যাকেট জেলা সভাপতি শহিদুল ইসলামের কাছে হস্তান্তর করেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান দারা।আজ বৃহস্পতিবার এসব খাদ্য বিতরণ করা হয়।
এর আগে দাগনভূঞার ৩৫০ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেন সভাপতি। সাথে আরো ছিলেন সহ সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, যুব বিষয়ক সম্পাদক মো. আবদুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. জহিরুল ইসলাম, সহ সম্পাদক মো. ছোট্ট মিয়া, সদস্য মো. মুসা আলম, মো. নোমান, শেখ বাহাদুর প্রমূখ। এসময় বেশ কয়েকটি পরিবারকে নগদ অর্থ, কাপড় দেয়া হয়। খাদ্যের প্যাকেটে পানি ছাড়াও ছিল খেজুর, মোম, গ্যাসলাইটার, টিস্যু, ওষুধ, রুটি, চিড়া, মুড়ি, কলা, গুড় ইত্যাদি।
এ ছাড়া ‘নিসচা’ সদস্যরা মহিপাল ও সালাহউদ্দিন মোড়ে যান চলাচলে শৃঙ্খলা রক্ষা, রোগীদের হাসপাতালে পৌঁছে দেয়া ও বিপন্ন মানুষকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নেয়াসহ নানাভাবে কাজ করছেন। জেলা সভাপতি বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নানা কার্যক্রম চলমান থাকবে।