চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে দশম শ্রেনীর এক স্কুলছাত্রীকে (১৬) যৌন পীড়নের অভিযোগে নারী ও শিশু নির্যতন দমন আইনে দায়েরকৃতক একটি মামলায় গোলাম কবির(৫৮) নামে এক শিক্ষককে ৫ বছর কারাদন্ডের আদেশ দিয়েছে ট্রাইবুনাল। সেই সাথে তাঁকে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৩ মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়। সোমবার(৫ অক্টোবর) দুপুর ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা জজ) মো.মাইনুদ্দীন একমাত্র আসামীর উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিত গোলাম কবির জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাাজিতপুর ইউনিয়নের কাঠালিয়াপাড়া গ্রামের মৃত তাজেবুল হকের ছেলে। তিনি ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের শারিরিক শিক্ষা বিষয়ের শিক্ষক ছিলেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায় এবং বাদীপক্ষের আইনজীবী আব্দুস সালাম বলেন, গোলাম কবির বিভিন্ন সময় নিজ স্কুলের ওই ছাত্রীকে নানা প্রলোভনে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ২০২২ সালের ২৩ আগস্ট বই দেয়ার কথা বলে ওই ছাত্রীকে স্কুলে ডেকে নেন ওই শিক্ষক। এরপর ওই ছাত্রীকে একটি কক্ষে নিয়ে দরজা জানালা বন্ধ করে যৌন পীড়ন করেন। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে ওই ছাত্রীকে দরজা ভেঙ্গে উদ্ধার এবং শিক্ষককে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় ওইদিনই শিবগঞ্জ থানায় একমাত্র গোলাম কবিরকে আসামী করে মামলা করেন মেয়েটির চাচা। ২০২২ সালের ২২ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা(আইও) এবং শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক(এসআই) আব্দুল আনাম একমাত্র গোলাম কবিরকে দোষী সাব্যস্ত করে আদালতে মামলার চার্জশীট দাখিল করেন। ১০ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে ট্রাইবুনলার সোমবার দুপুরে গোলাম কবিরকে দোষী সাব্যস্ত করে মামলার সাজা ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি রবিউল হক দোলন ও সহাকারী স্পেশাল পিপি ইব্রাহীম হোসেন বুলবুল। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাড.নাজমুল আজম।