মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে যশোর থেকে পাচারকালে ৭০০ বস্তা ইউরিয়া সার বোঝাই ট্রাক জব্দ,চালক আটক

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১১-২৪ ১৯:১৬:৫৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় অভিযান চালিয়ে কোন প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই ৭০০ বস্তা ইউরিয়া সার বোঝাই একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায়  আটক হয়েছেন ট্রাক চালক যশোরের চৌগাছা থানার  মশিউরনগর গ্রামের আব্দুর রহিমের ছেলে আব্দুল মান্নান(৫১)। পুলিশ জানায়, মঙ্গলবার(২৪) ভোররাত সাড়ে ৪টার দিকে  গোপন খবরের ভিত্তিতে মহারাজপুর ইউনিয়নের মেলার মোড় নামক স্থানে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে ওই ট্রাকটি (যশোর-ট-১১-৬২১০) আটক করা হয়।
প্রাথমিক তদন্তের পর পুলিশ পুলিশ  আরও জানিয়েছে, যশোরের নওয়াপাড়া থেকে বিসিআইসির ইউরিয়া সার বোঝাই করে ট্রাকটি চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জ উপজেলার গোলাপের হাট এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, আটকের পর ট্রাকটি সদর থানায় নেয়া হয়। সারগুলো কোথা থেকে কোথায় নেয়া হচ্ছিল তা বিস্তরিত তদন্ত করে দেখা হচ্ছে।
মঙ্গলবার সন্ধ্যায় চালানের তথ্য  অনুযায়ী এবং  সার খালাস করে প্রাথমিক গণনার পর সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহীন আকন্দ বলেন, ট্রাকে বিসিআইসির ৭০০ বস্তা ইউরিয়া পাওয়া গেছে। সারের কোন বৈধ দাবীদার এখনও পাওয়া যায় নি। সারগুলো সীমান্তের দিকে নেয়া হচ্ছিল কিনা সেটি তদন্ত করে দেখা হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি। 

 


এ জাতীয় আরো খবর