পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিচার বিভাগের হস্তক্ষেপ চেয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতারা। তাঁদের অভিযোগ, ইমরান খানের চিকিৎসায় সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করা হচ্ছে এবং বুশরা বিবির চিকিৎসা পাওয়ার সুযোগও সীমিত করা হয়েছে।
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে আদালতের হস্তক্ষেপ চেয়েছে দেশটির বিরোধী দল।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে সোমবার ফেডারেল সাংবিধানিক আদালত (এফসিসি), সুপ্রিম কোর্ট (এসসি) ও ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) প্রধান বিচারপতিদের কাছে চিঠি দিয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদ ও সিনেটের বিরোধীদলীয় নেতা মাহমুদ খান আচাকজাই এবং আল্লামা রাজা নাসির আব্বাস।
ইমরান খানের আইনজীবী অ্যাডভোকেট খালিদ ইউসুফ চৌধুরী ডনকে বলেন, বিরোধীদলীয় নেতারা চিঠিটিকে আবেদন হিসেবে গ্রহণ করে মৌলিক অধিকার-সংক্রান্ত মামলা হিসেবে শুনানির অনুরোধ জানিয়েছেন।
চিঠিতে রাষ্ট্রীয় হেফাজতে ইমরান খানের জীবন হুমকির মুখে রয়েছে বলে দাবি করা হয়েছে। গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট তাঁকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। এ কারণে রাষ্ট্রকে আদালতের আদেশ ও সাংবিধানিক দায়িত্ব পালনে বাধ্য করতে রিট অব ম্যান্ডামাস জারির আবেদন জানিয়েছেন বিরোধীদলীয় নেতারা।
সাত পৃষ্ঠার চিঠিতে বলা হয়েছে, ইমরান খানের জীবন রক্ষায় সুপ্রিম কোর্টের নির্দেশ গত তিন মাস ধরে অমান্য করা হচ্ছে। এতে তাঁর জীবনের ঝুঁকি কমার পরিবর্তে বেড়েছে।
ইমরান খানের গত ১৬ নভেম্বর আদিয়ালা কারাগার থেকে লেখা খোলা চিঠির প্রসঙ্গ উল্লেখ করে বিরোধীদলীয় নেতারা রাষ্ট্রকে সংবিধান ও আদালতের নির্দেশ অনুযায়ী দায়িত্ব পালনে বাধ্য করার আহ্বান জানান।
চিঠিতে জাতিসংঘের বন্দিদের সঙ্গে আচরণের জন্য প্রণীত স্ট্যান্ডার্ড মিনিমাম রুলস উল্লেখ করে দাবি করা হয়, বিধিমালা অনুযায়ী টানা ১৫ দিনের বেশি নির্জন কারাবাস নিষিদ্ধ। অথচ ইমরান খানকে প্রায় ১১ মাস ধরে এমন পরিবেশে রাখা হয়েছে।
বিরোধীদলীয় নেতারা বলেন, ইমরান খানের বিষয়টি এখন আর শুধু পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় নয়। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কও তাঁর মুক্তি ও যথাযথ আচরণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
তাঁরা আরও উল্লেখ করেন, নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তি (আইসিসিপিআর) এবং নির্যাতনবিরোধী কনভেনশনের (সিএটি) স্বাক্ষরকারী দেশ হিসেবে পাকিস্তান মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক অঙ্গীকার পালনে বাধ্য।
চিঠিতে অভিযোগ করা হয়, গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্টের নির্দেশ ৭২ ঘণ্টার মধ্যেই কার্যত অকার্যকর করে দেওয়া হয়। নির্দেশ অনুযায়ী ইমরান খানকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার পরিবর্তে রাষ্ট্রীয় মালিকানাধীন পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিমস) নেওয়া হয়। পরে ভোর হওয়ার আগেই তাঁকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। এ ছাড়া নির্দেশ অনুযায়ী কোনো চিকিৎসা বোর্ডও গঠন করা হয়নি।
বিরোধীদলীয় নেতাদের দাবি, তিন মাস পেরিয়ে গেলেও সুপ্রিম কোর্টের নির্দেশের গুরুত্বপূর্ণ অংশগুলো বাস্তবায়িত হয়নি এবং এ সময়ে ইমরান খানের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।
একই চিঠিতে বুশরা বিবির স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, দৃষ্টিশক্তি স্থায়ীভাবে হারানোর ঝুঁকি এড়াতে তাঁর দ্বিতীয়বার চোখের অস্ত্রোপচার প্রয়োজন। কিন্তু চিকিৎসকদের সঙ্গে যোগাযোগের সুযোগ সীমিত করা হচ্ছে।
ইমরানখান, বুশরাবিবি, পাকিস্তানরাজনীতি