সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

আট বছরের অভিযান শেষে বুধের কক্ষপথে জাপান-ইউরোপের মহাকাশযান

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-১১-২২ ২৩:১৫:৪৬
ছবি: সংগৃহীত।

দীর্ঘ আট বছরের মহাকাশযাত্রা শেষে সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান ও ইউরোপের যৌথ মহাকাশযান ‘বেপিকলম্বো’। শনিবারের এই সফল অভিযান নিশ্চিত করেছে ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ)। রোববার সংস্থাটি এ তথ্য জানায়।
বার্তা সংস্থা এএফপি ও ইএসএর তথ্য অনুযায়ী, বুধের মহাকর্ষীয় আকর্ষণে কক্ষপথে প্রবেশ নিশ্চিত করতে মহাকাশযানটির চারটি থ্রাস্টার প্রায় ৩৭ মিনিট ধরে চালানো হয়। এরপর পৃথিবীর সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপিত হলে কক্ষপথে প্রবেশের বিষয়টি নিশ্চিত করেন মিশন সংশ্লিষ্ট বিজ্ঞানীরা।
২০১৮ সালের অক্টোবরে যাত্রা শুরু করা প্রায় চার টন ওজনের বেপিকলম্বো এ পর্যন্ত ১০ বিলিয়ন কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছে। দীর্ঘ যাত্রায় পৃথিবী, শুক্র ও বুধের পাশ দিয়ে একাধিকবার অতিক্রম করে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছানোর উপযোগী গতি অর্জন করে মহাকাশযানটি।
মিশন পরিকল্পনা অনুযায়ী, আগামী ৯ ও ১০ ডিসেম্বর মহাকাশযানটির ইউরোপীয় অংশ ‘মার্কারি প্ল্যানেটারি অরবিটার’ (এমপিও) এবং জাপানি অংশ ‘মার্কারি ম্যাগনেটোস্ফেরিক অরবিটার’ (মিও) আলাদা হবে।
ইউরোপীয় অংশটি বুধের পৃষ্ঠ ও ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করবে। অন্যদিকে, জাপানি অংশটির প্রধান লক্ষ্য হবে গ্রহটির চৌম্বকক্ষেত্র ও চারপাশের মহাকাশীয় পরিবেশ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা।
বুধ সৌরজগতের সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। এখানে তাপমাত্রা কখনো মাইনাস ১৮০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়,আবার কখনো ৪৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। তীব্র সৌর বিকিরণও গ্রহটির অন্যতম বৈশিষ্ট্য।
বিজ্ঞানীরা আশা করছেন,বেপিকলম্বোর পর্যবেক্ষণ বুধের অভ্যন্তরীণ গঠন,চৌম্বকক্ষেত্র,ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং সৌরজগতের উৎপত্তি সম্পর্কে নতুন ধারণা দেবে। ২০২৭ সালের এপ্রিলে মহাকাশযান দুটির পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক পর্যবেক্ষণ শুরু হওয়ার কথা রয়েছে।
এর আগে ১৯৭৪ সালে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ‘মেরিনার-১০’ প্রথম মহাকাশযান হিসেবে বুধের কাছ দিয়ে অতিক্রম করে।

বেপিকলম্বো, বুধগ্রহ, মহাকাশগবেষণা


এ জাতীয় আরো খবর