ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
মহেশখালী (কক্সবাজার)
শুধু পড়াশোনা নয়, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়েও গড়ে উঠুক মেধাবী, শৃঙ্খলাবদ্ধ ও আত্মবিশ্বাসী নতুন প্রজন্ম এমন প্রত্যাশাকে সামনে রেখে মহেশখালীতে শুরু হয়েছে'নতুন কুঁড়িস্পোর্টস-২০২৬’।
শিশু-কিশোর ও শিক্ষার্থীদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ,বিকাশ এবং জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্য নিয়ে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে স্থানীয় পর্যায়ে সৃষ্টি হয়েছে আগ্রহ ও উৎসাহ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় কর্মসূচির শুভ উদ্বোধন। এতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে উদ্বোধনকরেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। মহেশখালী উপজেলা থেকে অনুষ্ঠানে যুক্ত ছিলেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
এ সময় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম, সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত, মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল সুলতানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। পাশাপাশি বিভিন্ন
রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
বর্তমান সময়ে শিশু-কিশোরদের একটি বড় অংশ পড়াশোনার পাশাপাশি প্রযুক্তিনির্ভর বিনোদনে বেশি সময় ব্যয় করছে। এতে মাঠমুখী হওয়ার সুযোগ কমে যাওয়ার পাশাপাশি শারীরিক অনুশীলন, দলগত চর্চা ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশও অনেক ক্ষেত্রে সীমিত হচ্ছে। এমন বাস্তবতায় নতুন কুঁড়ি স্পোর্টসের মতো উদ্যোগ শিক্ষার্থীদের মাঠে ফিরিয়ে আনা এবং তাদের স্বাভাবিক প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করতে পারে। বিশেষ করে মহেশখালীর মতো দ্বীপ ও উপকূলীয় জনপদে প্রত্যন্ত এলাকার অনেক
সম্ভাবনাময় শিশু-কিশোরের প্রতিভা যথাযথ সুযোগ ও পৃষ্ঠপোষকতার অভাবে আড়ালে থেকে যায়। পরিকল্পিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে এসব প্রতিভা চিহ্নিত করা গেলে স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরির সম্ভাবনা তৈরি হবে।
খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়;এটি শারীরিক সুস্থতা,মানসিক দৃঢ়তা, নেতৃত্বের দক্ষতা, সময়ানুবর্তিতা ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়,প্রতিযোগিতার মাধ্যমে একজন শিক্ষার্থী যেমন জয়ী হওয়ার আনন্দ অনুভব করে, তেমনি পরাজয় মেনে নিয়ে নতুন করে এগিয়ে যাওয়ার মানসিকতাও অর্জন করে। এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগে নিয়মিত খেলাধুলার পরিবেশ নিশ্চিত করা জরুরি। নতুন কুঁড়ি স্পোর্টস- ২০২৬ সেই সম্ভাবনাকে সামনে এগিয়ে নেওয়ার একটি উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
মহেশখালীর প্রত্যাশাঃ- স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সচেতন মহলের প্রত্যাশা, এ কর্মসূচি যেন শুধু উদ্বোধনী আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না থাকে। ইউনিয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক প্রতিযোগিতা, প্রতিভা বাছাই, নিয়মিত প্রশিক্ষণ, প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম সরবরাহ এবং দক্ষ প্রশিক্ষকের ব্যবস্থা করা হলে এর সুফল দীর্ঘমেয়াদি হবে। বিশেষ মহেশখালী পৌরসভা করে মাতারবাড়ী, ধলঘাটা,হোয়ানক, কালারমারছড়া, কুতুবজোম,শাপলাপুর,ছোট মহেশখালীসহ উপজেলার প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে প্রতিভা অন্বেষণের ক্ষেত্র আরও বিস্তৃত হবে।
সব মিলিয়ে, নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ মহেশখালীর শিশু-কিশোরদের জন্য ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার বার্তা নিয়ে এসেছে। এখন প্রয়োজন ঘোষিত লক্ষ্য বাস্তবায়নে ধারাবাহিক উদ্যোগ, সুষ্ঠু প্রতিযোগিতা এবং প্রতিভাবান খেলোয়াড়দের যথাযথ পরিচর্যা। কারণ আজকের মাঠের ক্ষুদে খেলোয়াড়দের মধ্য থেকেই আগামী দিনের জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ উঠে আসতে পারে।