রবিবার, নভেম্বর ৮, ২০২৬

শিশুদের মেধা ও প্রতিভায় গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক |
  • ২০২৬-১১-০৬ ১০:০৯:৫০
ছবি: সংগৃহীত।

 সকালের আলো ডট কম
শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েই একটি শক্তিশালী, সমৃদ্ধ ও আত্মনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও বিদেশি ভাষা শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে নতুন প্রজন্মকে। কারণ, বিশ্বপরিসরে নিজেদের যোগ্যতা ও সক্ষমতা প্রতিষ্ঠা করতে হলে শিক্ষার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও পারদর্শী হতে হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭ (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের উদ্দেশে বলেন, এই বাংলাদেশ তাদেরই গড়ে তুলতে হবে। বিশ্বদরবারে দেশকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার দায়িত্বও আগামী প্রজন্মের। প্রত্যেক শিশুকে দেশের একজন প্রতিনিধি হিসেবে নিজেদের যোগ্য, দক্ষ ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে।
তারেক রহমান বলেন, শুধু পাঠ্যবইয়ের পড়াশোনার মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখলে চলবে না। কেউ ভবিষ্যতে চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি কিংবা আইনজীবী হবে। তবে পেশাগত শিক্ষার পাশাপাশি খেলাধুলা, শিল্পকলা ও সংস্কৃতিচর্চায়ও দক্ষতা অর্জন করা প্রয়োজন। বিশ্বে নিজেদের অবস্থান তৈরি করতে হলে জ্ঞান, ক্রীড়া ও সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রেই সক্ষমতা বাড়াতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) শিক্ষার্থীদের পরিবেশনার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, তারা খেলাধুলার পাশাপাশি নাচ, গান ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের বহুমুখী প্রতিভার পরিচয় দিয়েছে। দেশের অন্যান্য শিশু-কিশোরদেরও পড়ালেখার পাশাপাশি এমন প্রতিভা বিকাশে এগিয়ে আসতে হবে।
শিশুদের আত্মবিশ্বাস বাড়াতে তিনি বলেন, তোমরা পারো, ইউ ক্যান ডু ইট। পড়ালেখা, খেলাধুলা এবং শিল্প-সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রেই নিজেদের দক্ষ করে তোলার সামর্থ্য তোমাদের রয়েছে।
নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ব্যাপক অংশগ্রহণের বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, এ প্রতিযোগিতায় ইতোমধ্যে ১৬ লাখের বেশি শিশু-কিশোর অংশ নিয়েছে। দেশের ৫০৩টি উপজেলা ও বিভিন্ন পর্যায়ের প্রতিযোগীরা অনলাইনে এ আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে। আগামী জুনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তিনি বলেন, এত বিপুলসংখ্যক শিশুর অংশগ্রহণ প্রমাণ করে, বাংলাদেশের শিশু-কিশোরদের মধ্যে প্রতিভার অভাব নেই। প্রয়োজন শুধু তাদের জন্য উপযুক্ত সুযোগ, প্রশিক্ষণ ও বিকাশের পরিবেশ তৈরি করা। সরকার এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে শিশুরা নির্বিঘ্নে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবে।
শিশুদের বহুভাষিক দক্ষতা অর্জনের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বাংলা ও ইংরেজির পাশাপাশি আরও ছয় থেকে সাতটি বিদেশি ভাষার মধ্য থেকে একটি ভাষা শেখার সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ, শিক্ষা ও কর্মক্ষেত্রে নতুন প্রজন্মের সক্ষমতা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বলেন, পড়ালেখায় ভালো করার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি এবং তৃতীয় একটি বিদেশি ভাষায় দক্ষতা অর্জন করতে পারলে বাংলাদেশের তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কেউ আটকে রাখতে পারবে না। একদিন বাংলাদেশ এমন একটি সমৃদ্ধ ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে, যার উদাহরণ বিশ্ববাসী অন্যদের সামনে তুলে ধরবে।
বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে খুলনা জেলা স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে বেলুন ও পায়রা উড়িয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। একই সময়ে অনলাইনে দেশের ৫০৩টি উপজেলায় প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল।
উদ্বোধনী অনুষ্ঠানে বিকেএসপির শিক্ষার্থীদের বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি চীনের শিক্ষার্থীদের পরিবেশিত ঐতিহ্যবাহী ড্রাগন ড্যান্স ও লায়ন ড্যান্সও উপভোগ করেন তিনি।
স্টেডিয়ামে প্রবেশের পর গ্যালারিতে থাকা শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের কাছে গিয়ে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় হাজারো শিশু-কিশোর করতালি ও হাত নেড়ে তাঁকে স্বাগত জানায়। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন। পুরো স্টেডিয়ামে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠান শেষে খুলনা জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি। পরে খুলনা সার্কিট হাউস মাঠে গিয়ে সমবেত সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। বিকেল ৫টা ২২ মিনিটে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে খুলনা ত্যাগ করেন প্রধানমন্ত্রী।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের নতুন কুঁড়ি স্পোর্টসে সারা দেশ থেকে ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন প্রতিযোগী অনলাইনে নিবন্ধন করেছে। আগের আটটি ইভেন্টের সঙ্গে এবার নতুন করে যুক্ত হয়েছে ভলিবল ও টেবিল টেনিস। ফলে মোট ১০টি ক্রীড়া ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা।
ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা এবং খেলোয়াড়দের পরিবারের আর্থিক নিরাপত্তার বিষয়টি সামনে রেখে ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা প্রতিপাদ্যে আয়োজন করা হয়েছে এবারের প্রতিযোগিতা। এর প্রথম আসর গত ২ মে সিলেটে উদ্বোধন করা হয়েছিল।
শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ, ক্রীড়ার প্রসার এবং সাংস্কৃতিক বিকাশের সমন্বিত উদ্যোগ হিসেবে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরকে ঘিরে এখন দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিযোগীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে।

তারেক রহমান, নতুন কুঁড়ি স্পোর্টস, শিশু-কিশোর প্রতিভা


এ জাতীয় আরো খবর