বুধবার, নভেম্বর ৪, ২০২৬

৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-১১-০৪ ১৫:৫৮:১৬
ছবি: সংগৃহীত।

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডেটা কার্ডও প্রকাশ করেন তিনি।
বুধবার (৪ নভেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খামে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। পরে বিশেষ সিলমোহর ব্যবহার করে আনুষ্ঠানিকভাবে এগুলো অবমুক্ত করেন তিনি।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম প্রকাশ করা হয়েছে। পাশাপাশি অবমুক্ত করা হয়েছে ৫ টাকা মূল্যমানের ডেটা কার্ড।
বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোগে প্রকাশিত স্মারক ডাকটিকিটটি দেশের সব ডাকঘর থেকে বিক্রি করা হবে।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. কামরুজ্জামান এবং ডাক বিভাগের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

৭ নভেম্বর, স্মারক ডাকটিকিট, তারেক রহমান


এ জাতীয় আরো খবর