শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-১০-১৬ ২০:৫৭:৩০
ফাইল ছবি

সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আগামীকাল শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে তিনি দেশে ও বিদেশে বসবাসরত বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় পরিচালনা, সংস্কার ও উন্নয়নে সরকার সহায়তা দিচ্ছে। পাশাপাশি পুরোহিতদের মাসিক সম্মানী প্রদান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রম জোরদার এবং ধর্মীয় কল্যাণে অনুদান ও ব্যবস্থাপনা আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, দুর্গাপূজা বাংলাভাষী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। শরতের নির্মল প্রকৃতি ও উৎসবের আবহে দেবী দুর্গার আগমন ভক্তদের মনে নতুন আশা ও কল্যাণের প্রত্যাশা জাগায়। অশুভ শক্তির বিনাশ এবং সত্য, সুন্দর ও কল্যাণের প্রতিষ্ঠাই এ উৎসবের মূল তাৎপর্য।
রাষ্ট্রপতি আরও বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় আয়োজন নয়, এর সঙ্গে বাংলার ঐতিহ্য, সমাজ ও সংস্কৃতির গভীর সম্পর্ক রয়েছে। এ উৎসব বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করে। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যও এতে প্রতিফলিত হয়।
সব ধর্মের মানুষ যাতে নির্ভয়ে, স্বাধীনভাবে ও নিরাপদ পরিবেশে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।
বাণীতে রাষ্ট্রপতি বলেন, প্রতিটি ধর্ম মানুষকে সত্য, ন্যায়, সংযম ও মানবকল্যাণের শিক্ষা দেয়। ধর্মীয় পরিচয়ের কারণে কেউ যেন বৈষম্য, বঞ্চনা কিংবা নিরাপত্তাহীনতার শিকার না হন, তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সবার দায়িত্ব। দুর্গোৎসবের আনন্দ অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যেও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, শারদীয় দুর্গোৎসব সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে এবং ধর্ম-বর্ণের বিভেদ ভুলে মানবতা, ন্যায় ও কল্যাণের বার্তা ছড়িয়ে দেবে। একই সঙ্গে দেশে-বিদেশে দুর্গোৎসব উপলক্ষে নেওয়া সব কর্মসূচির সফলতা কামনা করেন তিনি।

শারদীয় দুর্গোৎসব, ধর্মীয় স্বাধীনতা, সাম্প্রদায়িক সম্প্রীতি


এ জাতীয় আরো খবর