মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

অ রু ণি মা চ্যা টা র্জী

  • বেরঙা অনুভূতি
  • ২০২৬-১০-১৯ ২৩:৩৯:৪৭

যেতে দিতে পারি !!
যদি চুম্বনের প্রতিশ্রুতিগুলো তুলে নাও,
ভুলে যেতে পারি !!
যদি ভালোবাসার অহং-পাহাড় ভেঙে দাও।
রিরংসা ক্লান্তিতে আজকাল ঘুম পায়,
মধুমতি ফুলের বুকে প্রজাপতি
নিশ্চিন্তে মধু পান করে।
আমি তার চোরা স্বাদ নিই !!
পৃথিবী এখন প্রসূতির আঁতুড়ঘর,
ভ্রূণহত্যা আর কাঙ্ক্ষিত গর্ভপাতের
ইতিহাস শুধু অনাগতরাই জানে না।

তাই তৃষিত নয়নে দেখি নদীর সঙ্গম,
মেঘে মেঘে চাঁদের ভ্রষ্টাচার !!
নিয়তি বলে মেনে নিই।
আমি তো নদী হতে চেয়েছিলাম,
পাহাড়ের অহং ঠেলতে ঠেলতে
আমারই বুকে চড়া পড়ে গেল।
মরা নদী মোহনার কাছে হাত পাতে,
যদি পাড় ভেঙে এক গণ্ডুষ জল
অঞ্জলি ভরে পান করো!
কিন্তু সাবধান,
এখন আমার জলে মোহের মিষ্টি নেই
যে তৃষ্ণাকে এতকাল প্রেম ভেবেছ,
তারই পচন জমেছে অতল তলায়।

আমি আর নদী হতে চাই না !!
তোমার সমুদ্রের ছদ্মবেশ চিনেছি।
শুকিয়ে যাব, তবু আর
মরীচিকাকে জল বলব না।


এ জাতীয় আরো খবর