শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

জিরো খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১০ হাজার বাংলাদেশি কর্মী

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-০৮-২৮ ২১:৫০:১৯

বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় নেওয়ার বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এর ফলে দীর্ঘ বিরতির পর মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন করে বাংলাদেশি কর্মী পাঠানোর পথ খুলতে যাচ্ছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাচিত ১০ হাজার কর্মীর মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে বিমান ভাড়াসহ অভিবাসন-সংক্রান্ত কোনো খরচ তাঁদের বহন করতে হবে না। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কর্মীদের পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হবে।
বিশেষ ব্যবস্থায় ভাড়া করা বিমানে কর্মীদের প্রথম দল মালয়েশিয়ায় পাঠানোর মধ্য দিয়ে দেশটির শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম আবার শুরু হবে।
সরকারের এই উদ্যোগকে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। একই সঙ্গে কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই কর্মী পাঠানোর সুযোগ তৈরি হওয়ায় বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে এটি বাংলাদেশের জন্যও একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রথম বহর কবে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবে,সে বিষয়ে বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি।

মালয়েশিয়া,কর্মী,অভিবাসন


এ জাতীয় আরো খবর