সৌদি আরবে তিনদিন ধরে নিজ কক্ষে পড়ে ছিলো প্রবাসীর লাশ
- ইমাম হোসেন খাঁন :
-
২০২৬-০৯-০৪ ২১:১১:১৯
- Print
কোম্পানীগঞ্জ (নোয়াখালী)
সৌদি আরবে আবহা শহরে সোহাগ রানা (৪২) নামে এক বাংলাদেশী প্রবাসীর মৃত্যু হয়েছে। মৃত্যুর পর টানা তিন দিন তাঁর লাশ নিজ শয়ন কক্ষে পড়ে ছিলো। খবর পেয়ে ওই দেশি পুলিশ লাশটি উদ্ধার করেছে।
শুক্রবার সকালে মৃত সোহাগের পরিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে। এরআগে বৃহস্পতিবার বিকেলে সৌদি আরবে আবহা শহরের বাসা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
মৃত সোহাগ রানা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাফেজ উল্যাহ মিয়ার বাড়ীর বশির উল্যাহর ছেলে। তিনি দুই কন্যা সন্তানের জনক ছিলেন।
মৃত সোহাগের মামাতো ভাই সৌদি প্রবাসী সৈয়দ রিগান জানান, সোহাগ ৭ বছরের বেশি সময় ধরে সৌদিতে আছেন। এর আগে তিনি দুবাইতে ছিলেন। এখানে আসায় পর গত কয়েকমাস তাঁর আকামা ছিলোনা, পাসপোর্টের মেয়াদও শেষ। কিছুদিন ধরে অনেক চেষ্টা করছিলেন তা নবায়ন করতে। এনিয়ে হতাশায় ভুগছিলেন সোহাগ।
গত সোমবার (৩১ আগস্ট) থেকে তিনি তার কর্মস্থলের দোকানে যাননি। প্রথম দিন তাকে দোকানে না দেখে অন্য সহকর্মীরা ভেবে ছিলেন তিনি অসুস্থ। দ্বিতীয় ও তৃতীয় দিনও না যাওয়ায় কফিলকে বিষয়টি জানালে তিনি'সহ অন্যরা বাসায় গিয়ে দেখেন ভিতর থেকে দরজা বন্ধ করা। পরে অনেক ডাকাডাকির পর ভিতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে তারা সোহাগের লাশ রুমে পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা অতিরিক্ত চিন্তা থেকে স্ট্রোকে সোহাগের মৃত্যু হয়েছে। তাঁর লাশ দেশে আনতে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করেছেন তাঁর পরিবার।