মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

মাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপ

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-১১-২৪ ০৯:৫৪:৪৯
ছবি: সংগৃহীত।

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার আশ্বাস প্রধানমন্ত্রীর,দ্রুত প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ
বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপ। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণের সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছে প্রতিষ্ঠানটির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করার বিষয়ে সরকারের আন্তরিকতার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।
সাক্ষাৎকালে এসকে গ্রুপের প্রতিনিধিদল মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগের পরিকল্পনা ও সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করে। তারা জানায়, দক্ষিণ কোরিয়ার উলসানের মতো মাতারবাড়ীকেও একটি গুরুত্বপূর্ণ জ্বালানি হাবে পরিণত করার সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রী প্রতিনিধিদলের উপস্থাপনা শোনেন এবং বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান। তিনি প্রস্তাবিত প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে এবং প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
প্রতিনিধিদল বাংলাদেশের বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির প্রশংসা করে জানায়,দেশের বিনিয়োগ সম্ভাবনাগুলো কাজে লাগাতে তারা আন্তরিকভাবে আগ্রহী।
বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী,বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।
এ ছাড়া ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সুং,এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিউনইয়ল সংসহ প্রতিনিধিদলের অন্য সদস্যরা বৈঠকে অংশ নেন।
মাতারবাড়ীতে এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মিত হলে দেশের জ্বালানি আমদানি,সংরক্ষণ ও সরবরাহ সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শিল্প ও অর্থনৈতিক কার্যক্রমে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

মাতারবাড়ী বিনিয়োগ, এসকে গ্রুপ, জ্বালানি টার্মিনাল


এ জাতীয় আরো খবর