মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

আগস্টের ২২ দিনেই প্রবাসী আয় ২১৪ কোটি ৮০ লাখ ডলার

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-০৮-২৩ ২৩:২৩:০৭
ফাইল ছবি

দেশে প্রবাসী আয়ের প্রবাহে ফের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। চলতি আগস্টের প্রথম ২২ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ১৭১ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৫ দশমিক ৬০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের রোববার প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০ থেকে ২২ আগস্ট-এই তিন দিনে দেশে এসেছে আরও ১১ কোটি ৭০ লাখ ডলারের প্রবাসী আয়। ফলে আগস্টের প্রথম ২২ দিনে মোট প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২১৪ কোটি ৮০ লাখ ডলার।
এদিকে নতুন অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয়ের প্রবাহ ইতিবাচক রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫০০ কোটি ৬০ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৪১৮ কোটি ৮০ লাখ ডলার।
সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম ৫৩ দিনে আগের বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ৮১ কোটি ৮০ লাখ ডলার। প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৯ দশমিক ৫০ শতাংশ।
অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচকে ধারাবাহিক প্রবৃদ্ধি বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ানোর পাশাপাশি দেশের সামগ্রিক বৈদেশিক লেনদেন ও অর্থনৈতিক স্থিতিশীলতায় ইতিবাচক ভূমিকা রাখছে।

প্রবাসী আয়, রেমিট্যান্স, বৈদেশিক মুদ্রা


এ জাতীয় আরো খবর