বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১১২ কর্মীর যাত্রা শুরু,পাঠানো হবে ১০ হাজার

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৬-১১-২৬ ২১:১৬:৫৪
ছবি: সংগৃহীত।

দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের নতুন সুযোগ তৈরি হয়েছে। সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে প্রথম দফায় ১১২ জন বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার কর্মীকে বিনা খরচে দেশটিতে পাঠানোর পরিকল্পনা রয়েছে সরকারের।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়াগামী কর্মীদের বিদায় জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি বিদেশগামী কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর উদ্যোগও নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ তথ্য জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য আজ অত্যন্ত স্মরণীয় একটি দিন। প্রথম দফায় ১১২ জন কর্মী মালয়েশিয়া যাচ্ছেন। সরকারের উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে বিনা অভিবাসন ব্যয়ে দেশটিতে পাঠানো সম্ভব হবে। দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজার মালয়েশিয়া সরকারের সহযোগিতায় আবার চালু হওয়ায় তিনি দেশটির সরকারকে ধন্যবাদ জানান।
বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, কর্মীদের আরও দক্ষ করে বিদেশে পাঠাতে পারলে তারা নিজেরা যেমন উপকৃত হবেন, তেমনি দেশের অর্থনীতিও লাভবান হবে। এ লক্ষ্যে বিভিন্ন দেশে কর্মী পাঠানোর আগে তাদের প্রয়োজনীয় দক্ষতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার।
ভাষাগত দক্ষতার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে কাজ করতে গেলে সংশ্লিষ্ট দেশের ভাষা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী কয়েক মাসের মধ্যে বিভিন্ন দেশে কর্মী পাঠানোর আগে তাদের ভাষা শেখানোর কার্যক্রম শুরু করা হবে। এতে কর্মীদের কাজের সুবিধা বাড়বে এবং বিদেশে তাদের কর্মজীবন আরও সহজ হবে।
মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিদেশে গিয়ে সুস্থভাবে কাজ করতে হবে এবং সংশ্লিষ্ট দেশের সংস্কৃতি, ঐতিহ্য, আইন ও নিয়মকানুন মেনে চলতে হবে। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশিদের আচরণের ওপর দেশের ভাবমূর্তি নির্ভর করে। একজন কর্মীর কাজ ও আচরণ দেখে বিদেশিরা বাংলাদেশকে মূল্যায়ন করেন। বাংলাদেশি কর্মীরা সুনামের সঙ্গে কাজ করলে বিদেশি প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে আরও কর্মী নিয়োগে আগ্রহী হবে।
তিনি কর্মীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্থতা কামনা করেন এবং এ কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান। পরে রেমিট্যান্স যোদ্ধাদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন, প্রতিমন্ত্রী মো. নুরুল হকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছবি : পিএমও

যেভাবে নির্বাচিত হলেন কর্মীরা
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) পরিচালিত এ কর্মসূচিতে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি এবং নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কর্মীদের নির্বাচন করা হয়েছে।
নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে কাজ করবেন। তাদের মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে নিয়োগ দেওয়া হবে তাদের। নিয়োগকর্তার পক্ষ থেকে আবাসন ও চিকিৎসাসুবিধাও দেওয়া হবে। অভিবাসনসংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান।
এ কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বর মাসে আরও ২২৫ জন বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।

ছবি : পিএমও

শ্রমবাজার পুনরায় চালুর প্রেক্ষাপট
দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার মধ্য দিয়ে নতুন করে কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় স্বচ্ছ নির্বাচন ও নিয়োগকর্তার ব্যয়ে কর্মী পাঠানোর এ উদ্যোগ অভিবাসন ব্যয় কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
চলতি বছরের জুনে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে ২২ জুন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করা এবং আরও বেশি কর্মী নিয়োগের আহ্বান জানান তিনি।
বৈঠকে অভিবাসন ব্যয় কমানো এবং কর্মী নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে দুই প্রধানমন্ত্রী একমত হন। সেই আলোচনার ধারাবাহিকতায় সরকারি উদ্যোগে বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর এ কার্যক্রমকে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন সম্ভাবনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

মালয়েশিয়া শ্রমবাজার, বিনা খরচে বিদেশে কর্মসংস্থান, বাংলাদেশি কর্মী


এ জাতীয় আরো খবর