শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে আহ্বান ট্রাম্পের

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-১১-২৭ ২৩:৩৯:৪৩
ফাইল ছবি

রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধের সমঝোতায় পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি চীনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে ইউরোপজুড়ে সামরিক আগ্রাসন বন্ধের অনুরোধ জানিয়েছেন বলে দাবি করেছেন তিনি।
ইউরোপের বিভিন্ন ভূখণ্ডে সামরিক আগ্রাসন বন্ধ করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধের অবসানে দ্রুত সমঝোতা চুক্তি করার লক্ষ্যে তিনি পুতিনকে এ অনুরোধ জানিয়েছেন বলে জানান।
গত সপ্তাহে পুতিনকে ‘বন্ধু’ হিসেবে অভিহিত করলেও এবার রুশ প্রেসিডেন্টের প্রতি ট্রাম্পের বক্তব্যে তুলনামূলক কঠোর সুর লক্ষ করা গেছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, গত সপ্তাহে চীনে পুতিনের সঙ্গে বৈঠকের সময় ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধের বিষয়ে আলোচনা করেছেন বলে ট্রাম্প জানিয়েছেন। তার আশা, এ উদ্যোগ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের অবসানে সমঝোতার পথ সহজ করবে।
ফ্লোরিডায় ন্যাটোর মহাসচিব মার্ক রুটেকে আতিথ্য দেওয়ার এক দিন পর ট্রাম্প এ মন্তব্য করেন। বুধবারের বৈঠক শেষে দুই নেতা যৌথ বিবৃতি দেন। এতে রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের পরিধি আর বিস্তৃত না করার আহ্বান জানানো হয়।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘গত সপ্তাহে চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার সময় আমি তাকে ইউরোপের বিভিন্ন ভূখণ্ডে সব ধরনের সামরিক আগ্রাসন বন্ধ করার বিষয়টি নিয়ে অনেক কথা বলেছি।’
তিনি বলেন, ‘রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্রুত একটি সমঝোতা চুক্তি করা সম্ভব হবে-এমন আশাতেই আমি তাকে এ অনুরোধ জানিয়েছি।’
ট্রাম্প আরও বলেন, এ ধরনের সমঝোতায় পৌঁছানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে তিনি মনে করেন।
তবে ইউরোপের কোন কোন ভূখণ্ডে সামরিক আগ্রাসন বন্ধের কথা বলেছেন, তা স্পষ্ট করেননি ট্রাম্প। এমনকি ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সবচেয়ে বড় সংঘাতে পরিণত হওয়া ইউক্রেনের নামও তিনি সরাসরি উল্লেখ করেননি।

রাশিয়ার কর্মকাণ্ড নিয়ে ইউরোপের উদ্বেগ
রাশিয়ার সামরিক কর্মকাণ্ড নিয়ে ইউরোপীয় দেশগুলোর উদ্বেগ ক্রমেই বাড়ছে। এর মধ্যে গত সপ্তাহে ন্যাটোর সদস্য পোল্যান্ডে রাশিয়ার তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনাও নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
বুধবারের যৌথ বিবৃতিতে ট্রাম্প ও ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেন, রাশিয়া যেন ইচ্ছাকৃতভাবে কিংবা অনিচ্ছাকৃতভাবে এমন কোনো পদক্ষেপ না নেয়, যাতে চলমান যুদ্ধের পরিধি আরও বিস্তৃত হয়-সে বিষয়টির গুরুত্ব নিয়ে তারা আলোচনা করেছেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, সম্প্রতি ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডের গভীরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোয় ট্রাম্প সমালোচনা করলেও এবার কিয়েভের প্রতি একই ধরনের সংযম দেখানোর আহ্বান জানাননি।
বৃহস্পতিবার ফ্লোরিডার মার-এ-লাগো বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আগামী মাসে মিয়ামিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে পুতিন যোগ দেবেন কি না, তা তিনি নিশ্চিত নন। তবে রুশ প্রেসিডেন্ট অংশ নিতে চাইলে তাকে স্বাগত জানানো হবে।
‘পুতিন আসতে চাইলে অবশ্যই আসতে পারেন’-বলেন ট্রাম্প।

পুতিনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণে উদ্বেগ
গত সপ্তাহে চীনের শেনজেন শহরে পুতিনের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্পের বক্তব্য ও আচরণ ছিল বেশ বন্ধুত্বপূর্ণ। চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের উপস্থিতিতে দুই নেতা বৈঠক করেন। সেখানে ট্রাম্প পুতিনকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং ‘বন্ধু’ বলে সম্বোধন করেন।
ট্রাম্পের এমন আচরণে ইউক্রেন ও ইউরোপের বিভিন্ন দেশের রাজধানীতে নতুন করে উদ্বেগ দেখা দেয়। তাদের আশঙ্কা, মার্কিন প্রেসিডেন্ট আবারও রুশ প্রেসিডেন্টের প্রতি বেশি ঝুঁকে পড়ছেন।
চলতি সপ্তাহে পুতিনের প্রতি ট্রাম্পের বক্তব্যে তুলনামূলক কঠোর সুর কেন-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি জানি না, আমি আগের চেয়ে কঠোর হয়েছি কি না। তবে আমার মনে হয়, আমিই তো তাদের ট্যাংকবিধ্বংসী অস্ত্র দিয়েছিলাম,তাই না?’
ট্রাম্প তার প্রথম মেয়াদে ইউক্রেনের কাছে জ্যাভলিন ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দেওয়ার বিষয়টি প্রায়ই উল্লেখ করেন। তার দাবি, রাশিয়ার প্রাথমিক হামলা মোকাবিলায় এসব অস্ত্র ইউক্রেনকে সহায়তা করেছিল।

কুশনারের বক্তব্যে নতুন বিতর্ক
ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করা তার জামাতা জ্যারেড কুশনার এবং ঘনিষ্ঠ ব্যবসায়ী সহযোগী স্টিভ উইটকফের বিরুদ্ধে রাশিয়ার প্রতি পক্ষপাতমূলক অবস্থান নেওয়ার অভিযোগ রয়েছে।
বুধবার জার্মানির ‘এমডি মিটস’ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে কুশনার বলেন, পুতিন ‘সংযম দেখিয়েছেন’, কারণ তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার বিষয়ে সম্মত হয়েছেন।
একাধিকবার সাক্ষাৎ হওয়া রুশ প্রেসিডেন্ট পুতিনকে ‘রাজনীতির একজন মহাগুরু’ বলেও অভিহিত করেন কুশনার।
ইউক্রেন সংঘাতকে তিনি এমন একটি ‘ছায়াযুদ্ধ’ হিসেবে বর্ণনা করেন, যেখানে ইউরোপ ইউক্রেনকে অর্থ ও অস্ত্র দিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করছে।
কুশনার বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন ও রুশ প্রতিনিধিদলের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনার মাধ্যমে স্টিভ ও আমি যে বিষয়টি বুঝতে পেরেছি, তা হলো-ভূখণ্ড নিয়ে বিরোধ এখনো এক ধরনের অচলাবস্থায় রয়েছে।’
ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি আরও খারাপ হওয়ার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার জন্য খুব বেশি ভুল হিসাব কিংবা ভুল বোঝাবুঝির প্রয়োজন হবে না।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত থাকলেও ভূখণ্ডগত বিরোধ, পারস্পরিক অবিশ্বাস এবং সামরিক উত্তেজনা এখনো শান্তি প্রতিষ্ঠার পথে বড় বাধা হয়ে রয়েছে। ট্রাম্পের সাম্প্রতিক আহ্বান সেই অচলাবস্থা কাটিয়ে সমঝোতার নতুন পথ তৈরি করতে পারে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে নজর রয়েছে।

ট্রাম্পপুতিন, রাশিয়াইউক্রেনযুদ্ধ, ইউরোপেসামরিকআগ্রাসন


এ জাতীয় আরো খবর