এই সময় রেশনে চাল পাওয়া যায়
টাকা দিলে কামনার শরীর পাওয়া যায়
সময়ের বুকে পা রেখে এগিয়ে চলেছি
যেতে যেতে দেখি---
গ্রামের পথে অপূর্ব সুন্দর দৃশ্য
নাড়ার আগুনে ফোটে চাল
খুশি মনে পাত পাড়ে শিশু থেকে বৃদ্ধ
হেসে, খেলে ছুটে বেড়ায় যত্রতত্র
ক্ষেতে হলুদ গোলাপেরা মাথা নাড়ে
সোনালী ধানের সঙ্গে তার বন্ধুত্ব ভারি
গ্রাম্য মেয়েটা খোঁপায় গোলাপ বাঁধে
নাকে নোলক করে নেয় লক্ষ্মীর ছড়া
গাঁয়ের বধু আলপনা আঁকে
চারিদিকে সর্বদা উৎসবের ছোঁয়া
শুধু অল্প বয়সী ধনী বিধবা সুমতি দিদি দাঁড়িয়ে থাকে আড়ালে
তার দুই চোখ থেকে ঝরে পড়ে ক্ষুধা
ভাত নয়, গাছের পেড়ে আনা ফল নয়
তরুণ শরীর দেখলে ভিতরে খিদে খিদে পায়
তবুও লজ্জা দিয়ে শামুকের খোলকের মত নিজেকে আটকায় সে।
আমি হেঁটে আসি শহরের দিকে
শিক্ষার মোড়কে মোড়া ঝকঝকে শহর
বস্তি ভেঙে গড়ে উঠেছে আবাসন
শিশুরা স্কুলে যায়
বৃদ্ধরা পার্কে হাওয়া খায়
তরুণী হাফস্কার্ট পড়ে ঘুরে বেড়ায় যেখানে সেখানে,
একটি তরুণ যুবককে দেখি উসকো,খুসকো এলো চুলে ঘুরে বেড়াচ্ছে
তার একটা চাকরি চাই
মায়ের ওষুধ চাই
বোনের বিয়ের টাকা চাই
ঘরে একদিন সরু চালের ভাত চাই---
দুদিকে দুই অভাব দাঁড়িয়ে
মাঝখানে আমি
মনে মনে ওদেরকে মিলিয়ে দিয়ে একটা সম্পূর্ণ দেশের ছবি আঁকি।