মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

রাশিয়ার ডিজেল আমদানিতে ট্রাম্পের সিদ্ধান্তের বৈধতা নিয়ে ৭ সিনেটরের প্রশ্ন

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-১০-১২ ১১:১৩:৫১

রাশিয়া থেকে ডিজেল আমদানির সুযোগ দিতে নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের দুই দলের সাতজন সিনেটর। তাঁদের অভিযোগ, এ সিদ্ধান্ত ২০২২ সালে কংগ্রেসের করা আইনের পরিপন্থী এবং এর মাধ্যমে রাশিয়ার অর্থনৈতিক স্বার্থ রক্ষার সুযোগ তৈরি হতে পারে।
রোববার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে সিনেটররা বলেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর মস্কোর জ্বালানি আমদানি বন্ধে কংগ্রেস যে বিধিনিষেধ আরোপ করেছিল, তার উদ্দেশ্য ছিল রাশিয়ার যুদ্ধের অর্থায়ন সীমিত করা। তাঁদের মতে, ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত রাশিয়া থেকে জ্বালানি আমদানির সুযোগ দেওয়া উচিত নয়।
শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সমঝোতার কথা জানিয়ে ট্রাম্প রাশিয়ার ডিজেল সরবরাহের সুযোগ দিতে মার্কিন নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার ঘোষণা দেন। এ ঘোষণার পর ইউক্রেন, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের কয়েকজন আইনপ্রণেতা এর বিরোধিতা করেন।
যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী সাত সিনেটরের মধ্যে ডেমোক্র্যাট দলের জিন শাহিন, রিচার্ড ব্লুমেনথাল ও রন ওয়াইডেন এবং রিপাবলিকান দলের সুসান কলিন্স, লিসা মারকাউস্কি, জন কার্টিস ও থম টিলিস রয়েছেন।
সিনেটরদের অভিযোগ, নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত নেওয়ার আগে ট্রাম্প প্রশাসন কংগ্রেসের সঙ্গে পরামর্শ করেনি। পাশাপাশি আইন অনুযায়ী সিদ্ধান্তটির যৌক্তিকতা ব্যাখ্যা করে প্রয়োজনীয় প্রতিবেদনও জমা দেওয়া হয়নি বলে তাঁরা দাবি করেন। তাঁরা প্রশাসনকে সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন।
তবে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সিদ্ধান্তটির পক্ষে অবস্থান নিয়েছেন। রোববার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এ উদ্যোগ বাস্তবায়নে প্রশাসন তাদের হাতে থাকা সব আইনগত ক্ষমতা ব্যবহার করবে।

রাশিয়ার ডিজেল, ট্রাম্পের নিষেধাজ্ঞা, মার্কিন সিনেটর


এ জাতীয় আরো খবর